২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ-নিপীড়ন: চুপ না থেকে প্রতিবাদের শপথ সংস্কৃতিকর্মীদের

সারা দেশে অব্যাহত ধর্ষণ-নিপীড়নের ঘটনায় নীরবতায় ‘আত্মশ্লাঘায় ভুগতে থাকা’ সংস্কৃতিকর্মীরা এবার কঠোর প্রতিবাদ শুরু করবেন বলে শপথ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 02:14 AM

Updated : 10 Oct 2022, 07:27 PM

পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়াবান্ধব সমাজ ব্যবস্থা নির্মাণ করে তরুণদের বিপদগামীতা রুখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোট শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সমাবেশের আয়োজন করে। সমাবেশে যোগ দেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সাংবাদিক আবেদ খান, অভিনেত্রী ত্রপা মজুমদার।

বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াসের সঞ্চালনা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রেখেছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

Image
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিকালে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ছবি: জয়ন্ত সাহা

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিকালে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ছবি: জয়ন্ত সাহা

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গোটা দেশ প্রতিবাদে উত্তাল। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের জন্ম নোয়াখালীতে।

প্রায় এক মাস পরে ঘটনা প্রকাশিত হওয়ায় সমাজের ‘চুপ করে থাকার’ সংস্কৃতির নিন্দা জানান রামেন্দু মজুমদার।

তিনি বলেন, “যে একলাশপুরে এ ঘটনা ঘটেছে, কম না হলে একশোবার এই গ্রামের আশপাশ দিয়ে গিয়েছি। সেই নির্যাতিত নারী অভিযোগ করেছিলেন অথচ সবাই চুপ করে ছিলেন। এই যে চুপ করে থাকার সংস্কৃতি, এটাই আমাদের বিপদগ্রস্ত করেছে।

“আজকে আমরা মনে করছি, আমার উপর তো আর আক্রমণ হয়নি। আমার ঘরে স্ত্রী, কন্যা বা বোন তো ধর্ষিত হয়নি। আমি এগিয়ে যাব না, মুখ খুলব না। নোয়াখালীতে যদি সেই নারীর প্রতিবেশীরা প্রতিবাদ করতেন, তবে ঘটনা এমন হত না।”

নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে প্রবীণ এই সংস্কৃতিকর্মী বলেন, “আমাদের যেমন সংস্কৃতির শক্তি আছে, তেমনিভাবে গোটা দেশে সমাজের একটা বড় শক্তি আছে। আমরা সেই শক্তিটাই দেখতে চাই। আমরা কেবল সরকারের দিকে তাকিয়ে থাকব না। প্রতিবাদ করে বিহিত করার চেষ্টা করব।”

তরুণ প্রজন্মের শক্তিকে কাজে লাগিয়ে সামাজিক সংস্কার কর্মসূচি শুরু করা যায় বলে মনে করেন সাংবাদিক আবেদ খান।

তিনি বলেন, “আজকে ধর্ষককে বলতে হবে ‘তুই ধর্ষক’। তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আমরা পরিষ্কারভাবে দেখতে পাই, নতুন প্রজন্ম মা বলার প্রচণ্ড শক্তি অর্জন করেছে। সে মা বলার শক্তিটাকে তীব্রতর করতে হবে। যদি সেটা করতে পারি, তাহলে কিন্তু আমরা হারব না।

“আমাদের সামনে কিন্তু বিজয় মাস। বিজয় মাস নতুনভাবে দীক্ষিত করবে, নতুনভাবে তৈরি করবে আমাদের। সামাজিক শক্তিটাকে আবার পুনর্জীবিত করবে। এ শক্তিটাকেও আমাদের ধরে রাখতে হবে।”

শুধু শহীদ মিনারে কর্মসূচি না দিয়ে রাজপথের কর্মসূচি প্রণয়নের জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতি অনুরোধ জানান তিনি।

Image
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিকালে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখছেন অভিনেত্রী ত্রপা মজুমদার। ছবি: জয়ন্ত সাহা

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিকালে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখছেন অভিনেত্রী ত্রপা মজুমদার। ছবি: জয়ন্ত সাহা

অভিনেত্রী ত্রপা মজুমদার তার বক্তব্যে সামাজিক নিপীড়নের কারণ হিসেবে রাজনৈতিক মদদের প্রসঙ্গটি তুলে ধরেন।

“আজকে রাজনীতি একটি কলুষিত জায়গায় আমাদের সমাজকে নিয়ে গেছে। শুধু আমাদের দেশে নয়, বিশ্বব্যাপী ক্ষমতা দখলের জন্য রাজনৈতিক স্বার্থে অন্যায়কে মদদ দেওয়া হয়, অন্যায়কে উসকে দেওয়া হয়। আইনের প্রয়োগের ক্ষেত্রে আমরা আজকে সত্যি খাদের কিনারে দাঁড়িয়ে আছি। যে কোনো মুহূর্তে আমি খাদে পড়ে যাব। এখন প্রশ্ন হল, আমরা কি সেটা হতে দেব নাকি উঠে দাঁড়াব?”

সাংবাদিক আবেদ খান রাজনীতিতে ধর্মের ব্যবহারের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, “ওয়াজ মাহফিলে নারীদের হেয় প্রতিপন্ন করা বলা হচ্ছে বহু দিন। রাজনীতিবিদরা এসবের বিরুদ্ধে কথা বলে না। কথা বলে না বলেই আজকে অধর্মটা প্রধান হয়ে উঠেছে। ধর্মকে ব্যবহার করে রাজনীতিটাকেই নষ্ট করা হয়েছে, আমাদের মূল্যবোধকে ধর্ষণ করা হয়েছে। করা হয়েছে বলে প্রকৃতপক্ষে আমরা একাত্তরকে খুঁজে পাই না, মুক্তিযুদ্ধকে খুঁজে পাই না।”

দেশব্যাপী ধর্ষণ-নিপীড়নের ধারাবাহিকতায় সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি বলেছেন, ধর্ষকদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও বিচারের কাঠগড়ায় নিয়ে আসা হবে।

Image
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিকালে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। ছবি: জয়ন্ত সাহা

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিকালে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। ছবি: জয়ন্ত সাহা

তাকে উদ্দেশ্য করে রামেন্দু মজুমদার বলেন,“আমি অনুরোধ করব, ওবায়দুল কাদেরকে। আপনার নিজের জেলা নোয়াখালী। এখান থেকেই শুরু করুন। আপনি দৃষ্টান্তমূলকভাবে দেখান।”

রামেন্দু মজুমদার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ চান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তিন মাসের মধ্যে ধর্ষণের ঘটনায় বিচার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক।

গোলাম কুদ্দুছ বলেন, “আইনের দীর্ঘসূত্রতার কারণে ধর্ষণের কী বিচার হয়, তা জনগণ জানতে পারে না। দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তাই এই প্রচলিত আইনে বিচার করা সম্ভব না।

“আমাদের দাবি, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে ১২০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। এ বিচার কার্য যেন মানুষের কাছে দৃশ্যমান হয়, কেউ যেন এ অপরাধ করতে সাহস না পায়।”

যেসব এলাকায় সংগঠিত নিপীড়নের ঘটনা ঘটবে, সে সব এলাকার জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জবাবদিহির আওতায় আনার কথা বলেন গোলাম কুদ্দুছ।

তিনি বলেন, “যেসব এলাকায় এ ধরনের অপরাধ সংঘটিত হবে, দেলোয়ার বাহিনী গড়ে উঠবে সেসব এলাকার চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার ও থানার ওসিকে দায়দায়িত্ব গ্রহণ করতে হবে। কারণ তাদের অগোচরে কোনো অবস্থাতে এ ধরনের বাহিনী গড়ে উঠতে পারে না।

“তারা ব্যক্তিগত স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ও আর্থিক সুবিধা পেতে এ ধরনের গুণ্ডা বাহিনীকে প্রশ্রয় দেন। আমরা যদি নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে চাই তাহলে তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী গোলাম কুদ্দুছ সমাবেশে রাজনৈতিক সংস্কারের দাবিও জানান।

তিনি বলেন, “এখন সব রাজনৈতিক দলেই ব্যবসায়ী, আমলাদের প্রাধান্য পরিলক্ষিত হচ্ছে। তারা সুবিধার জন্য রাজনৈতিক দলে যোগ দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করছে। রাজনৈতিক দলে যত দিন পর্যন্ত মতাদর্শকে প্রাধান্য না দেবে, রাজনৈতিক আদর্শকে প্রাধান্য না দেবে ততদিন পর্যন্ত অরাজনৈতিক ব্যক্তিরা দলের নেতৃত্বে এসে এ সমস্ত সন্ত্রাসী গুণ্ডাপাণ্ডাদের লালন-পালন করবে।

“সুতরাং রাজনীতির ক্ষেত্রে বড় সংস্কারের প্রয়োজন আছে বলে আমরা মনে করি।”

পরে তিনি প্রাথমিক শিক্ষা থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নৈতিকতার শিক্ষাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা এবং ‘কিশোর গ্যাং’ সংস্কৃতি রোধ করতে সাংস্কৃতিক ও ক্রীড়াবান্ধব সমাজ তৈরিতে গুরুত্ব আরোপ করেন।

Image
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিকালে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। ছবি: জয়ন্ত সাহা

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার বিকালে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। ছবি: জয়ন্ত সাহা

গোলাম কুদ্দুছ বলেন, “সংস্কৃতি আর ক্রীড়ার ক্ষেত্রে যদি ব্যাপক বিনিয়োগ করা না হয়, সাংস্কৃতিক জাগরণ যদি তৈরি করা না যায়, যদি একটি ক্রীড়াবান্ধব সমাজ তৈরি করা না যায় তাহলে তরুণদের সঠিকভাবে পরিচালিত করা যাবে না।”

ধর্ষণ ও নিপীড়নমুক্ত বাংলাদেশ গঠনের দাবিতে দেশব্যাপী সংস্কৃতিকর্মীরা স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতি শনিবার বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন বলে জানান তিনি।