ঘরের কাজ: শৈশবেই সমতার শিক্ষায় নজর দেওয়ার পরামর্শ
বেঁচে থাকার জন্য ঘরের কাজগুলো জরুরি এবং তাতে পুরুষেরও হাত লাগানো উচিত, সেই শিক্ষা ছোটবেলা থেকেই দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা।
কর্মজীবী নারীকে সারা দিন অফিস সামলে ঘরে ফিরে পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে রান্নাসহ সব কাজ তাকেই সারতে হয়। অপরদিকে তার সঙ্গী পুরুষ মানুষটা ঘরে ফিরে বিশ্রামেই কাটিয়ে দেন। ঘরের কাজে হাত লাগানোকে ‘লজ্জার’ মনে করেন কেউ কেউ।
এই আচরণ যে মানবিক নয়, সেই বোধ তৈরির জন্য শিশুকাল থেকেই ছেলেদেরও গৃহকর্মে অভ্যস্ত করার পরামর্শ দিয়েছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইসমাত রুমিনা।
তিনি বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “দৈনিক যে কাজগুলো যেমন- ঘর গোছানো, পরিষ্কার করা, কাপড় ধোঁয়া- এগুলো যদি আমরা ছেলে ও মেয়েদের যার কাজটা তাকে করার অভ্যাস তৈরি করি তাহলে কিন্তু সে করবে। একটা ছেলেও তার মাকে রান্নায় সহায়তা করতে পারে। সবজি কেটে দেওয়া, ঘর গোছানো- এসব করতে পারে।
“ছোটবেলা থেকে যদি এ অভ্যাস করানো হয় তাহলে সমাজে বিরাট পরিবর্তন আসবে। পরিবার ও স্কুল-কলেজ এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু আমরা সেভাবে ছেলেদের তৈরি করি না।”
২০১৩ সালে একশনএইড বাংলাদেশের এক জরিপে দেখা যায়, দেশে ৭০ বছর বেঁচে থাকেন এমন নারী তার প্রায় ১২ বছর শুধু রান্নার কাজেই ব্যয় করেন। গৃহস্থালি কাজে পুরুষের অংশগ্রহণ যে খুবই সীমিত, তাও উঠে আসে জরিপে।
বেসরকারি চাকরিজীবী ফরহাদ হোসেনের কথায় উঠে আসে ঘরের কাজে নারী-পুরুষের বিভাজনের চিত্র।
তিনি বলেন, “সারা দিন বাইরে থেকে ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরি তখন অন্য কিছু করতে ইচ্ছে হয় না। আর নারীরা তো সারা দিন বাসায়ই থাকে, ঘরের কাজটা আসলে তাদেরই; ওরাই এটা ভালো করতে পারে।”
ছুটির দিনে কাজ করেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, “ছুটির দিনে বাচ্চাদেরই বেশি সময় দেই। তেমন কাজ করা হয় না। আসলে কখনও ঘরের কাজ করি না বলেই হয়ত করা হয় না।”
গৃহস্থালির কাজ করাকে ‘নেতিবাচকভাবে দেখা হয়’ মন্তব্য করে ফরহাদ বলেন, “ঘরের কাজ নিয়ে একটা সংকোচ কাজ করে। অনেকে এটাকে নেতিবাচকভাবে দেখে। এমনকি অনেক নারীও ভালোভাবে নেয় না। হাসাহাসি করে।”
তবে এর ব্যতিক্রম আছেন অনেক পুরুষই। অফিস সামলেও ঘরের সময়টায় শিশুর লালন-পালনসহ গৃহস্থালির অন্যান্য কাজে হাত লাগান তারা।
তাদের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠান রহমান রহমান হকের কর্মকর্তা রাশেখ রহমান সময় পেলেই গৃহস্থালির কাজে সহযোগিতা করেন।
রাশেখ বলেন, “আমি নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। কোনো কাজকেই আমি ছোট করে দেখি না। আর দেখি তো, আম্মু আসলে সারা দিনই ঘরের কাজে ব্যস্ত থাকেন। একটু হেল্প করলে ওনার চাপও কিছুটা কমে।”
ঘরের কাজে পুরুষের অংশগ্রহণ বাড়াতে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পাশাপাশি এ শিক্ষা শিশুকাল থেকে দেওয়া জরুরি বলে মনে করেন তিনি।
“অনেক বন্ধু বা কাজিনরা এসব নিয়ে হাসাহাসি করে, আমি কেন এগুলো করি। কিন্তু আমি তাদের বুঝিয়ে দেই যে, এটা আমার ঘর এবং কাজগুলো আমারই করা উচিত,” বলেন রাশেখ রহমান।
তার মতো মনোভাব যাতে অধিকাংশ পুরুষের মধ্যে তৈরি হয় সেজন্য পরিবার থেকে ছোটবেলাতেই শিক্ষা দেওয়া জরুরি বলে মনে করেন অধ্যাপক ইসমাত রুমিনা।
তিনি বলেন, “এটা কীভাবে আমরা করব, সেটা চিন্তা করতে হবে। এক্ষেত্রে আমার মনে হয়, ছোটবেলা থেকে পরিবার থেকেই এ বিষয়গুলো গড়ে ওঠে। মেয়ে কোন কাজ করবে আর ছেলে কী করবে- সেটা সে পরিবার থেকেই শিখছে। সেখানেই পরিবর্তন আনতে হবে।”
শিক্ষার ক্ষেত্রেও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পরামর্শ দিয়ে অধ্যাপক ইসমাত রুমিনা বলেন, “গার্হস্থ্যবিজ্ঞান বিষয়টির মধ্যে পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও শিশুর বিকাশ রয়েছে। কিন্তু এ বিষয়গুলো ছেলেরা নেয় না কেন? ওদের কি এগুলো জানার প্রয়োজন নেই? শিশু পালন, শিশুর বিকাশ- এসব কি ছেলেদের জানার দরকার নেই? কিন্তু এটা একটা জেন্ডারভিত্তিক বিষয়, তাই সে এটা নেয় না যে, এটা মেয়েদের কাজ। অথচ সন্তান পালনে বাবার ভূমিকা অনেক।”
ঘরের কাজে নারী-পুরুষের অংশগ্রহণের ব্যবধান কমাতে পরিবার ও শিক্ষা ব্যবস্থায় নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন মানবাধিকারকর্মী ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবিরও।
তিনি বলেন, “ছোটবেলা থেকে পরিবার, সমাজ, স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা দিতে হবে। ছেলে ও মেয়ে শিশুদের মধ্যে পার্থক্যগুলোকে বিলীন করতে হবে। সব ধরনের কাজ ছেলে-মেয়ে শিশুদের শেখাতে হবে।
“বাড়িতে যে পার্থক্যগুলো, সেগুলো বিলীন করতে হবে। ঘরের কাজও যে এক ধরনের কাজ এবং খুবই গুরুত্বপূর্ণ কাজ- এই মানসিকতা সবার মধ্যে আসতে হবে।”
এজন্য গৃহস্থালি কাজের মূল্যায়ন প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, “অর্থনৈতিক মূল্য বলতে মজুরি নয়। নারী ঘরের কাজ করে বলেই পরদিন পুরুষ বাইরে গিয়ে উপার্জন করতে পারছে। এই কাজগুলোকে হিসাব করতে হবে।
“গৃহস্থালির কাজের একটি অর্থনৈতিক মূল্য থাকলে আমরা কাজটাকেও শ্রদ্ধা করতে শিখব এবং নারীকে সহযোগিতা করতেও শিখব। এখন যেহেতু এটা মূল্যহীন, তাই পুরুষ সহযোগিতা করতে গেলে কটাক্ষ করা হয়। কিন্তু যখনই এর প্রয়োজনীয়তা বুঝে এটাকে শ্রদ্ধা করতে শিখবে, তখন পুরুষও এটি করতে উৎসাহী হবে।”
গৃহস্থালির কাজের স্বীকৃতি সমাজই দিতে পারে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।
তিনি বলেন, “এটা সামাজিক মানসিকতার বিষয়। এটা শুধু আমাদের দেশ না, বহির্বিশ্বেরও বিষয়। একটা ছেলে ঘরে থাকলেও তাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না, ঠিক তেমনি একটা মেয়ে যখন সারা দিন ঘরে থেকে কাজ করছে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।”
ভবিষ্যৎ প্রজন্মের মানসিকতার পরিবর্তনে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়ে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী চুমকি বলেন, “আগামী প্রজন্মের মানসিকতা যেন আমরা পরিবর্তন করতে পারি, তাদের মাঝে জেন্ডার সংবেদনশীলতা, নারীর প্রতি শ্রদ্ধার শিক্ষা দিতে হবে। তারা যেন নারীকে মানুষ হিসেবে গণ্য করতে পারে; তাদের গৃহস্থালির কাজের জন্য যেন সম্মান দেয়, সহযোগিতা করে- এই শিক্ষা দিতে হবে।”
পরিবার ও স্কুল থেকেই এ বিষয়ে নৈতিক শিক্ষা দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
ঘরের কাজে পুরুষের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে বলেই মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক পুরুষই কিন্তু এখন গৃহস্থালির কাজ করছে। আমি নিজেই তো করছি। রান্না করি, চা, সকালের নাস্তা বানিয়ে ফেলি, বানিয়ে আমার স্ত্রীকেও দেই। অনেক বাড়িতেও এটা হচ্ছে। এটা বাড়ছে। আগে পুরুষরা সব ঘরে প্রবেশই করত না। এখন তো তা বদলেছে। এখন অনেকেই ঘরের কাজে হেল্প করে।”
গৃহস্থালির কাজে পুরুষের অংশগ্রহণ বাড়াতে উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “হুকুম দিয়ে এটা করানোর বিষয় না। আমি মনে করি, এগুলো ধাক্কানোর বিষয় না। এ কাজগুলোতে উৎসাহ দেওয়া দরকার। নাটক বা সিনেমাতে অভিনেতাদের এ কাজে অংশগ্রহণ তুলে ধরতে হবে, তাহলে অন্য পুরুষরাও উৎসাহ পাবে।
“পুরুষের অংশগ্রহণ বাড়াতে এ বিষয়টা নিয়ে বেশি করে আলোচনা করা উচিত। প্রচার প্রচারণারও প্রয়োজন রয়েছে।“
আরও পড়ুন
