২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিগেডিয়ার জেনারেল হলেন নাজমা

বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা প্রশাসনে (মেডিকেল কোর) ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হয়েছেন নাজমা বেগম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2020, 12:38 AM

Updated : 18 Aug 2022, 03:53 PM

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

সেনাবাহিনীতে তিনিই প্রথম নারী কর্মকর্তা, যিনি ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

আইএসপিআর জানায়, নাজমা বেগম জাতিসংঘের ইতিহাসে সর্বপ্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দুবার জাতিসংঘের লেভেল-২ হাসপাতাল কমান্ড করেন এবং দুই বার মিশন এরিয়া কান্ট্রি সিনিয়রের দায়িত্ব পালন করেন।

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীতে থাকাকালীন তিনি দুটি (বিএএফ বেস জহুর এবং বেস বাশার) মেডিকেল স্কোয়াড্রন কমান্ড করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার, এআরএসজি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সেনা প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রীর প্রশংসাপত্র লাভ করেন নাজমা বেগম।

২০১৬ ও ২০১৯ সালের ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট’ পুরস্কারের জন্য মনোনীত হন এই নারী ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগমের অবদানের কথা উল্লেখ করে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত (এসআরএসজি) বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কন্টিনজেন্টের অবদান শুধু জাতিসংঘ ও স্থানীয়দের চিকিৎসা সেবার জন্যই সকলে স্মরণ করবে না বরং সর্বপ্রথম নারী কমান্ডার হিসেবে কর্নেল (তৎকালীন) নাজমার জন্যও স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা প্রশাসনে নাজমা বেগমের এই পদোন্নতি নারীর ক্ষমতায়নে এক নতুন অধ্যায় সূচনা করল।