কাজ পেতে রাজউকে ঠিকাদারের ‘ভাংচুর’
দরপত্রের কাজ পেতে রাজউকে দুই প্রকল্প পরিচালকের কক্ষে ঢুকে ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকালে ঝিলমিল প্রকল্পের পরিচালক মো. নুরুল ইসলাম ও উত্তরা আরটিএম(৩য় ফেইজ) প্রকল্প পরিচালক মো. আব্দুল আওয়ালের কক্ষে ঢুকে রাজীন ইন্টারন্যাশনালের মালিক মীর মঞ্জুর হোসেন এই ভাংচুর চালান বলে অভিযোগ করেছেন রাজউক কর্মকর্তারা।
ঝিলমিল প্রকল্পের পরিচালক নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝিলমিল প্রকল্পের কিছু কাজের জন্য টেন্ডারের ইভালিউশন চলছে, এখানে ইজিপিতে ওপেন টেন্ডার হয়। এখানে কাজ দেওয়ার কোন সুযোগ থাকে না।
“তারপরেও কাজ দেয়ার জন্য রাজীন ইন্টারন্যাশনালের মালিক মঞ্জুর হোসেন ফোনে বহুদিন ধরে হুমকি দিচ্ছে। আজকে কয়েকজনকে নিয়ে আমার অফিসে আসে যেন কাজটা তাকেই দেওয়া হয়। না দিলে মেরে ফেলবে এমনও বলেছে। এক পর্যায়ে সে ও তার সাথের লোকজন আমার অফিস ভাঙচুর করে।”
উত্তরা আরটিএম(৩য় ফেইজ) প্রকল্প পরিচালক আওয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মঞ্জুর সাহেব আমাকে মাঝে মাঝে ফোন করে কাজ দেওয়ার কথা বলে। নানা জন দিয়ে তদবির করায়। কিন্তু আমি বলে দিয়েছি, নিয়মের বাইরে গিয়ে কাজ দেওয়ার কোনো সুযোগ আমার নেই।
“গতকাল কয়েকবার ফোন করেছিল আমি ধরতে পারিনি। আজকে অফিসে এসে প্রথমেই বলে কাল আমার ফোন ধরেননি কেন? আমার চাকরির বয়স প্রায় শেষ, বয়সও অনেক হয়েছে। এই সময়ে আমার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সামনে অকথ্য ভাষায় গালাগাল করেছে।”
কোন কাজ পাওয়ার জন্য এমন আচরণ করেছে জানতে চাইলে তিনি বলেন, “উত্তরা আরটিএম(৩য় ফেইজ) প্রকল্পের ১২টি কাজের টেন্ডার হয়েছে, মঞ্জুর সাহেব চারটিতে অংশগ্রহণ করেছে।”
এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দিয়েছেন কি না- জানতে চাইলে প্রকল্প পরিচালক আব্দুল আওয়াল বলেন, “আমি চেয়ারম্যান স্যারকে বিষয়টি জানিয়েছি, তাছাড়া মতিঝিল থানায় একটি অভিযোগ দিয়েছি।”
এ বিষয়ে মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “বিষয়টি শোনার পর আমাদের একটি টিম ওখানে গিয়েছিল। চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা হয়েছে। রবিবার তারা কী করবেন, এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আমাদের জানিয়েছেন। কনক্রিট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব।”
ভাংচুর ও হুমকির বিষয়ে রাজীন ইন্টারন্যাশনালের মালিক মীর মঞ্জুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজউকে কাজ করি, আমি একজন ছোট ব্যবসায়ী। একজন পিডির এখানে আমি পাঁচটি টেন্ডারে অংশগ্রহণ করেছি। সেখানে আমি জিজ্ঞাস করতে গিয়েছিলাম, আমার মতো ছোট ব্যবসায়ীর ৫০ লাখ টাকা পে অর্ডার পাঁচ মাস ধরে পড়ে থাকলে ব্যবসা করবো কীভাবে? এই টেন্ডার এতদিন ধরে পড়ে থাকলে আমাদের ক্ষতি হয়। সেটাই বলেছি।
“গিয়েছিলাম দেখা করেছি। তবে ভাংচুর কিংবা খারাপ ব্যবহারের প্রশ্নই উঠে না। আর ভবনে সিসি ক্যামেরা আছে, ফুটেজ দেখতে পারেন।”
