২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সহায়তায় সব ভবন ভূমিকম্প সহনীয় করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

জাপানের কারিগরি ও আর্থিক সহযোগিতা নিয়ে দেশের সব স্থাপনা ভূমিকম্প সহনীয় করতে তিন ধাপে ৫০ বছরের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2020, 06:14 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি একথা বলেন।

বাংলাদেশ সম্ভাব্য ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “ভূমিকম্প নিয়ে আমরা খুব বেশি কাজ করতে পারিনি। তবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, ভূমিকম্প পরবর্তীতে উদ্ধার কাজ এগুলো নিয়ে আমরা আলোচনা-সেমিনার করেছি। ভূমিকম্প সহনীয় রাষ্ট্র গঠন করতে আমরা এত দিন কোনো পদক্ষেপ নিতে পারিনি।”

জাপান ভূমিকম্পপ্রবণ রাষ্ট্র হলেও সেখানে এখন ভবন ধসের সংবাদ আর পাওয়া যায় না জানিয়ে তিনি বলেন, “তাদের ভবনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে ভূমিকম্পে নষ্ট হবে না।”

জাপানের সাথে কয়েক দফা আলোচনার পর বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় করতে তারা তিন ধাপে ৫০ বছরের পরিকল্পনা উপস্থাপন করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “বাংলাদেশের সকল স্থাপনা ভূমিকম্প সহনীয় করতে আর্থিক এবং কারিগরি সহায়তা দেবে। আমরা সে কাজটি শুরু করেছি। এ কাজটি শুরু করে দিতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভূমিকম্প সহনীয় নিরাপদ রাষ্ট্র পাবে।”

এনামুর রহমান বলেন, প্রথম ধাপে পুরান ঢাকার মতো দেশের যে সমস্ত জায়গায় অবকাঠামো আছে সেগুলোকে ধ্বংস করা হবে এবং সেখানে নতুন ডিজাইন করে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ করে উপকারভোগীদের মাঝে বরাদ্দ দেওয়া হবে। এটার আর্থিক ও কারিগরি সহায়তা দেবে জাপান।

দ্বিতীয় ধাপে সুউচ্চ ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে জানিয়ে তিনি বলেন, “এগুলো ভূমিকম্প সহনীয় না হলে রেট্রোফিটিংয়ের মাধ্যমে এগুলো স্ট্রেনদেনিং করা হবে। যেটা জাপান করেছে।

“তৃতীয় ধাপে জাপান সরকার ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকদের প্রশিক্ষণ দেবেন, যাতে ১০ রিখটার স্কেলকে ল্যান্ডমার্ক ধরে নতুন যে ভবন হবে সেগুলো ডিজাইন করা হবে।”

এসব কাজের জন্য ফোকাল পয়েন্ট নির্বাচিত করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “মহামারীর কারণে জাইকার সব সদস্য দেশে চলে গেছে। তারা আসলে প্রথমে সমীক্ষা এবং পরে কাজ শুরু হবে।

“পুরান ঢাকার যে ভবনগুলোর প্রত্নতাত্ত্বিক মূল্য আছে সেগুলো যদি রেট্রোফিটিং করে ভূমিকম্প সহনীয় করা যায় তাহলে ব্যবস্থা নেবেন তারা। আর কোনোভাবে যদি রেট্রোফিটিং করা না যায় এবং জীবনের ঝুঁকি থাকে তাহলে তারা আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।”

কবে নাগাদ এই কাজ শুরু হবে জানতে চাইলে এনামুর রহমান বলেন, “সমীক্ষার পর তাদের সাথে আর্থিক ও কারিগরি বিষয়ে চুক্তি হবে এবং তারপর কাজ শুরু হবে।”

ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগে উদ্ধারকাজের জন্য দুই হাজার কোটি টাকার যন্ত্রপাতি কেনা হবে বলেও জানান তিনি।

দেশে প্রতি বছর বজ্রপাতে ২০০ থেকে ২৫০ জন মানুষ মারা যায় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “বজ্রপাতের পূর্বাভাস কেন্দ্র স্থাপনের পদক্ষেপ নিয়েছি। এটার কাজ চলছে এবং যন্ত্রপাতি আসলে ৪০ মিনিট আগে সংকেত দেওয়া হবে।

“সংকেত দেওয়ার পর তারা যেন নিরাপদ আশ্রয়ে যেতে পারে সেজন্য হাওরসহ বজ্রপাত প্রবণ এলাকাগুলোতে একতলা বিশিষ্ট আশ্রয়কেন্দ্র নির্মাণ করব।”

অনুষ্ঠানে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।