আইন মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রার কর্মসূচি শিক্ষার্থী জোটের
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাসহ সারা দেশে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার দাবিতে আইন মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোট।
আগামী ১১ অক্টোবর সকাল ১১টায় শাহবাগ থেকে আইন মন্ত্রণালয় অভিমুখে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই জোট। ওই দিন নারী নির্যাতন আইন সংশোধনের দাবিতে আইনমন্ত্রীকে স্মারকলিপি দেবেন তারা।
মঙ্গলবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্ষণের বিরুদ্ধে গণঅবস্থান’ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোটের আহ্বায়ক শিবলী হাসান।
তিনি জানান, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, নারী নির্যাতনের মামলার রায় ৯০ দিনের মধ্যে প্রদান এবং প্রতিটি থানায় নারী সেল গঠনসহ আরও বেশ কিছু দাবি তুলে ধরবেন তারা।
মালয়শিয়ায় প্রবাসী শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদ করে সে দেশের সরকারের রোষানলে পড়া বাংলাদেশি যুবক রায়হান কবির গণঅবস্থানে সংহতি জানান।
তিনি বলেন, “আমি আজ লজ্জিত এই কারণে যে, মালয়েশিয়া সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমাকে আজ এখানে এসে দেখতে হচ্ছে নিজ দেশেও ঘটছে একের পর এক অপরাধ, একের পর এক নির্যাতন।”
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম বলেন, “নারীদের পোশাক বা চলনে যারা ভুল ধরে ধর্ষণকে বৈধতা দিতে চায় তারাও ধর্ষকামী সমাজের সহায়ক।”
শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের প্রভাষক ফাহমিদা বিনতে হামিদ বলেন, “সামাজিক অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ যদি সব শ্রেণি-পেশার মানুষ না নেয়, তবে এই নির্যাতন রোধ সম্ভব নয়।”
গণঅবস্থান কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন।
