কোভিড-১৯: প্রবীণ সাংবাদিক নূর উদ্দিনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রবীণ সাংবাদিক মো. নূর উদ্দিন ভুঁইয়া।
৮২ বছর নূর উদ্দিন সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে মারা যান বলে তার ফুপাতো ভাই আবু দারদা যোবায়ের জানিয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে রাজধানীর সবুজবাগের কদমতলা আমান জামে মসজিদে জানাজার পর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাড়িতে তাকে দাফন করা হবে।
স্নাতক শেষ করে নূর উদ্দিন ভুঁইয়ার সাংবাদিকতার শুরু দৈনিক আজাদ পত্রিকা দিয়ে। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক বাংলা (বিলুপ্ত), দৈনিক ইনকিলাব, দৈনিক আল মোজাদ্দেদ, দৈনিক আল আমীন, দৈনিক প্রভাত পত্রিকায় স্টাফ রিপোর্টার থেকে বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।
আশির দশকে দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ছিলেন নূর উদ্দিন ভুঁইয়া। ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন তিনি।
