অন্য রকম সময়ে ভিন্ন রকম ক্লাসে মন ভরেনি শিক্ষার্থীদের
ছকে বাঁধা স্কুলজীবন শেষে কলেজ জীবনের শুরুই হয় অফুরন্ত স্বাধীনতার স্বাদে; তবে মহামারীকালে তার আস্বাদ না পাওয়ার আক্ষেপই ঝরছে শিক্ষার্থীদের মনে।
“বন্ধু নেই, বান্ধব নেই, একা একা কম্পিউটারের সামনে বসে ক্লাস, এটাকে কি রিয়েল ক্লাস বলা যায়?” প্রতিক্রিয়া এল একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থী রুমানা আরেফিনের।
করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে অনলাইনে।
রোববার সকাল ঢাকা কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশের অনলাইন ক্লাস কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। অনুষ্ঠানটিও হয়েছিল অনলাইনে, দেশের ৮০টি কলেজের অধ্যক্ষরা এতে যুক্ত হয়েছিলেন।
রাজধানীর ঢাকা কলেজ, ভিকারুননিসা নূন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, নটরডেম কলেজ, হলিক্রস কলেজে ভর্তি হওয়া বেশ কয়েক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বললে তাদের অসন্তোষের বিষয়টি ধরা পড়ে।
রুমানা বলেন, “ক্লাস মানে কী? একটি কক্ষে একই শ্রেণির ছাত্র-ছাত্রীরা পাশপাশি বসবে। স্যার কিংবা ম্যাডামের লেকচার শুনবে। এরপর যা জিজ্ঞাসা থাকে সেটা প্রশ্ন করে উত্তর জানবে। এটা তো অনলাইন ক্লাসে নেই। বলতে পারেন, ওয়ান ওয়ে ক্লাস। রিয়াল ক্লাস বলা যাবে না।”
রাজধানীর একটি নামি স্কুল থেকে পাস করা আল আামিন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনলাইন ক্লাসে অংশ নিয়েছি। অনেক সীমাবদ্ধতা আছে বলে আমার কাছে মনে হয়েছে। সেজন্য ইন্টারেস্ট পাচ্ছি না।”
কী সমস্যা ছিল- প্রশ্নে তার জবাব এল, “লেকচারের সময়ে স্যার যে বিষয়বস্তুটা পড়াবেন, তা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। সেটা আমার জানার সুযোগ নেই। স্যার বলে গেলেন, সম্ভাব্য প্রশ্ন কী হতে পারে, তাও বললেন। কিন্তু এর বাইরেও তো আমার অনেক কিছু জানার আছে, সেটা তো পাচ্ছি না।”
উত্তরার একটি কলেজে ভর্তি হওয়ায় নওরিন সুলতানা বলেন, “আম্মু বলেছেন, ইন্টামিডিয়েট হচ্ছে উচ্চ শিক্ষায় পড়ার প্রাক প্রস্তুতি। ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের ক্লাসে প্রাকটিক্যাল প্রেজেন্স থাকার যে একটা বিষয় আছে, সেটা তো আমরা মিস করছি।
“অনলাইনে কী দেখি? স্যার পড়াচ্ছেন। আমি শুনছি কিংবা আমি নোট করছি। কম্পিউটারের সামনে বসে আমি একা একা আছি। আমি যদি অমনোযোগী হই কিংবা যদি কিছু মিস করি, সেটা দেখারও কেউ থাকে না।”
আরেক ছাত্র তানভীর হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্লাস বসে পড়ালেখার যে আনন্দ, সেটা এই অনলাইনে আমি আজকে পাইনি।
“একেবারে একা একা কম্পিউটারের স্ক্রিনে চেয়ে চেয়ে দেখছি-শুনেছি। একটা কিছু মিস হলে সেটা আর জানার কোনো সুযোগ নেই। আমার কাছে বেশ কঠিন মনে হচ্ছে।”
শিবলী নোমান নামে পুরান ঢাকার এক কলেজের শিক্ষার্থী বলেন, “কলেজে বাসাবন্দি হয়ে ক্লাস করতে হবে। বন্ধুরা কেউ থাকবে না, একা একা ক্লাস করব। এটা কেমন ক্লাস?
“বাবা-মায়েদের কাছে গল্প শুনেছি, ইন্টারমিডিয়েট শ্রেণিতে ভর্তি হলে নতুন জামা-কাপড় দিত, বন্ধু-বান্ধবদের ডেকে এনে খাওয়াত, কলেজে নবীন বরণ অনুষ্ঠান হত, আরও কত কী? আমরা সেই অনুভূতি পাচ্ছি না। ভেরি স্যাড।”
ইউটিউবে ভিডিও তুলে অনলাইনে ক্লাস নিচ্ছেন জয়পুরহাট কলেজের এক শিক্ষক।
যারা প্রৌঢ়ত্বের সীমানা পেরিয়ে এসেছেন, তাদের মনে এখনও উজ্জ্বল কলেজের প্রথম দিন।
আশির দশকে সিলেট ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নাজমা বেগম প্রথম দিন ক্লাস করার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, “জানুয়ারি মাসের ৫ তারিখ কলেজের ক্যাম্পাসে ঢুকে সেই এক অন্যরকম অনুভূতি আমার মনে জেগেছিল। যেমন ক্যাম্পাস, তেমনি কলেজের বিশাল বিশাল ক্লাস রুম। সে এক অন্যরকম অনুভূতি!
“সেদিন প্রথম ক্লাস ছিল বাংলা সাহিত্য। আমাদের এটেনডেন্স ডাকা শুরু হলো। পাশের বন্ধুর সাথে কথা বলার ফাঁকে রোল নাম্বার চলে গেছে। সে কী ভয়? ম্যাডামকে দাঁড়িয়ে বললাম, আমার রোল নাম্বারটা ম্যাডাম আমি মিস করেছি। ম্যাডাম বললেন, ক্লাসে এসে অমনোযোগী হলে চলবে না। ক্লাসে অমনোযোগী হওয়া অপরাধ মনে থাকে যেন।”
তিনি বলেন, “প্রথম দিনে নবীন বরণ অনুষ্ঠান হয়েছিল বিকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে। মাঠের মধ্যে সামিয়ানা টানিয়ে আমাদের বরণ করেছিলো সকলকে একটা করে সাদা গোলাপ ফুল আর একাদশ শ্রেণির সিলেবাস হাতে ধরিয়ে দিয়েছিলেন অভ্যর্থনায় নিয়োজিতরা।”
“আমরা ১৪ শ ছাত্র-ছাত্রী ছিলাম, না দেখলে বোঝা যাবে না। আমি প্রথম দিনই ১২ জনের সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম,” স্মৃতি হাতড়ে বলেন নাজমা।
এবারের শিক্ষার্থী আল আমীনের বাবা ইফতেখার উদ্দিন বলেন, “উচ্চ শিক্ষা পর্য়ায়ে যেতে এই ইন্টারমিডিয়েট স্তরটা একটা প্রশিক্ষণের জায়গা। সততা, নিষ্ঠা, অধ্যাবসায়, নিয়মানুবর্তিতা সব বিষয় অত্যস্ত করতে এই সময়কালটা আমাদের নতুন প্রজন্মের জন্য জরুরী একটা বিষয়।
“কিন্তু মহামারী সব কিছুকে আড়াল করে দিয়েছে। আল্লাহ জানেন কবে আমরা পরিত্রাণ পাবো।”
তবে এর মধ্যেই নতুন প্রজন্ম এগিয়ে যাবে বলে প্রত্যাশা আল-আমীনের মা স্কুলশিক্ষক ফেরদৌ্সী আক্তারে।
তিনি বলেন, “প্রথম ক্লাসের পর আমি আমার ছেলেকে তার সাত/আট জন বন্ধুকে দুপুরে খাইয়েছি। ওরা খুব এনজয় করেছে।
“তাদের মনঃযন্ত্রণা কিংবা মনঃকষ্টটা বুঝতে হবে। এরকম অবস্থায় এভাবে তাদেরকে শক্তি ও সাহস দিতে হবে। প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানদের এই দুর্দিনের সময়টায় কাছে থাকা, পাশে থাকা, তাদের বিষয়গুলো শেয়ার করা।”
