২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন শপ ‘গোগ্রাবি’র যাত্রা শুরু

গ্রাহকের ঠিকানায় পণ্য পৌঁছে দেওয়ার প্রচলিত কাঠামোর পাশাপাশি কর্মীদের সঙ্গে মুনাফা ভাগের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন শপ ‘গোগ্রাবি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2020, 11:38 PM

Updated : 18 Aug 2022, 03:50 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোগ্রাবি জানিয়েছে, স্থানীয় প্রতিষ্ঠান নেক্সিও রিটেইল কনসেপ্ট’স লিমিটেডের ইকমার্স উদ্যোগ হিসেবে অক্টোবর থেকে তাদের যাত্রা শুরু হয়েছে।

ওয়েব ও মোবাইল অ্যাপলিকেশন দুই মাধ্যমেই ঢাকার গ্রাহকদের জন্য ‘দ্রুত এবং সাশ্রয়ী’ পণ্য পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে গোগ্রাবি।

ঢাকা শহরের ৩০০ বাজারের ১০ হাজার দোকানি ইতোমধ্যে গোগ্রাবি প্লাটফর্মে যুক্ত হয়েছে বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

নতুন ই-কমার্স প্রতিষ্ঠানটি সম্পর্কে গোগ্রাবির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জিয়াউর রহমান বলেন, “প্রযুক্তির মাধ্যমে নিত্য বাজার সদাই ব্যবসার সাথে সাথে দারিদ্র্য দূরীকরণ এবং এথিক্যাল প্রাকটিসের মাধ্যমে ‘সবুজতর ভবিষ্যতের’ দিকে এগিয়ে যাচ্ছি আমরা।”

বিলিকর্মী ধারণার নতুন সংস্করণ ‘শপারস’র মাধ্যমে নিবন্ধিতকর্মীদের মাধ্যমে গ্রাহকের ঠিকানায় বাজার পৌছাবে গোগ্রাবি।

‘শেয়ার্ড ইকোনমি’ অনুসারে সরবরাহকারী কর্মীদের সঙ্গে মুনাফা ভাগ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গোগ্রাবির চেয়ারম্যান হিসেবে রয়েছেন শহীদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিষদে পরিচালক হিসেবে রয়েছেন আমীর আশরাফ উদ্দিন খান মিরাজ, মনজুরুল আলম এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সাজী কর্পোরেশনের প্রতিনিধি মরিয়ম ইস্পাহানী।