সংগ্রাম সম্পাদকের জামিন স্থগিত
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে হাই কোর্টের দেওয়া এক বছরের অন্তর্বর্তী জামিন স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনে বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত মঙ্গলবার এ আদেশ দেয়।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংগ্রাম সম্পাদককে হাই কোর্টের দেওয়া জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন চেম্বার আদালত। এই সময়ের মধ্যে হাই কোর্টের আদেশের অনুলিপি পেলে আপিল বিভাগে লিভ টু আপিল করা হবে। আশা করি স্থগিতের মেয়াদ তখন আরও বাড়বে।”
গত ২৩ সেপ্টেম্বর বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ আবুল আসাদকে এক বছরের অন্তর্বর্তী জামিন দেয়। পাশাপাশি কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করা হয়।
সে আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার সে আবেদনের শুনানি নিয়েই হাই কোর্টর দেওয়া জামিন স্থগিত করে দেয় চেম্বার আদালত।
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ২০১৩ সালের ১২ ডিসেম্বর ফাঁসি কার্যকর করা হয় ‘মিরপুরের কসাই’ খ্যাত কাদের মোল্লার।
সেই দিনের স্মরণে জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক সংগ্রামের প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’।
এর প্রতিবাদে গত বছর ১৩ ডিসেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করে সংগ্রাম পত্রিকার কয়েকটি কপি পোড়ান ছাত্রলীগের একদল নেতাকর্মী। বিকালে দৈনিক সংগ্রামের কার্যালয় ঘেরাও ও ভাংচুর করে বিক্ষুব্ধরা।
দৈনিক সংগ্রামের কার্যালয়টি জামায়াত-শিবিরের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে অভিযোগ করে ২৪ ঘণ্টার মধ্যে পত্রিকাটির ‘ডিক্লারেশন’ বাতিলের দাবি জানানো হয় মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের পক্ষ থেকে।
ওই ঘটনার পর সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে ওই রাতেই হাতিরঝিল থানায় নিয়ে যায় পুলিশ। ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল ওই থানায় মামলা দায়ের করেন।
দণ্ডবিধির রাষ্ট্রদ্রোহের ধারা ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এ মামলায় আবুল আসাদ ছাড়াও পত্রিকাটির প্রধান প্রতিবেদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী এবং বার্তা সম্পাদক সাদাত হোসেনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয় মামলায়।
ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় আবুল আসাদকে। পরের দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেয় পুলিশ।
সেই রিমান্ড শেষে তাকে ১৮ ডিসেম্বর ঢাকার হাকিম আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) গোলাম আযম।
সে আদালতে আবুল আসাদ জামিন চাইলে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে গত ১১ মে ভার্চুয়াল হাই কোর্ট চালু হলে সেদিনই আবুল আসাদের জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা।
কিন্তু ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ আবুল আসাদকে জামিন না দিয়ে আবেদনটি হাই কোর্টের নিয়মিত বেঞ্চে উপস্থাপন করতে বলে।
সে অনুযায়ী নিয়মিত বেঞ্চে আবেদনটির শুনানির পর হাই কোর্ট রুল জারিসহ এক বছরের অন্তবর্তী জামিন দেয়।
