রেজিট্রারকে ভিসির রুটিন দায়িত্ব দেওয়ায় ঢাবি শিক্ষক সমিতির প্রতিবাদ
রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রেজিস্ট্রারকে
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
শুক্রবার শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শেকৃবির রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে উপাচার্যের চলতি দায়িত্বের আদেশ জারি করা হয়েছে। উক্ত রেজিস্ট্রার একজন প্রশাসনিক কর্মকর্তা-শিক্ষক নন। স্বাধীন বাংলাদেশে ইতিপূর্বে একজন প্রশাসনিক কর্মকর্তাকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে উপাচার্যের দায়িত্ব প্রদানের ঘটনা কখনোই ঘটেনি।
“আমরা জানতে পেরেছি যে, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু দিন ধরে উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদ খালি রয়েছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের সকল পদ দীর্ঘদিন ধরে খালি থাকার বিষয়টি অচিন্ত্যনীয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়োগের দীর্ঘসূত্রতার কারণে শিক্ষক-কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদানের প্রয়োজনে এ ধরনের দায়িত্ব প্রদানের বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”
বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে যে, উচ্চ শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলার একটি দৃষ্টান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃপক্ষের এহেন অবহেলা ও বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্তে গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের পদক্ষেপের ফলে উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।”
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্বাধীনতা লাভের অব্যবহিত পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে অত্যন্ত দ্রুততার সাথে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করে ১৯৭৩ সালে যে সকল আদেশ বা অধ্যাদেশ জারি করা হয়েছিল, তা সমুন্নত রাখা আমাদের সকলের দায়িত্ব। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকলকে যত্নবান থাকতে হবে। একই সাথে শেকৃবির শীর্ষ পদসমূহে দ্রুত নিয়োগ প্রদান করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমের পরিবেশ নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি।”
গত ২০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তিতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদ শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখতে রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে উপাচার্যের রুটিন পালনের দায়িত্ব দেয়। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে এ দায়িত্ব না দিয়ে, একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে রেজিস্ট্রারকে এ দায়িত্ব দেওয়ায় বেশ কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
