২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নতি হলেও ওয়াহিদা ‘শতভাগ শঙ্কামুক্ত’ নন: চিকিৎসক

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও এখনও তাকে ‘শতভাগ শঙ্কামুক্ত’ বলার অবস্থা আসেনি বলে জানিয়েছেন একজন চিকিৎসক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2020, 03:13 PM

Updated : 18 Aug 2022, 03:46 PM

ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. সিরাজুল ইসলাম রোববার ইউএনওর ওয়াহিদার সর্বশেষ অবস্থা সাংবাদিকদের জানান। 

তিনি বলেন, “রোগীর পালস, ব্লাড প্রেসার ও অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। কনশাসনেসও স্বাভাবিক। ধীরে ধীরে সুস্থ হলেও শতভাগ শঙ্কামুক্ত বলার সময় হয়নি এখনও।”

এই চিকিৎসক জানান, ওয়াহিদার ডান হাত ও ডান পা অবশ হয়ে গিয়েছিল। এর মধ্যে ডান হাতের দুর্বলতা আস্তে আস্তে কেটে যাচ্ছে।

“এখন আঙ্গুল নাড়াতে পারছেন, কনুই ভাঁজ করতে পারছেন। কিন্তু শোল্ডার উঠাতে পারেন না।”

তাতে অবস্থার উন্নতির বিষয়টি স্পষ্ট হচ্ছে জানিয়ে ডা. সিরাজুল বলেন, "যেখানে জিরো ছিল, সেখানে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। তবে পায়ে এখনো শক্তি ফেরেনি।"

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসার পাশাপাশি ওয়াহিদাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে বলে জানান ডা. সিরাজুল। 

গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরের ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়।

হাতুড়ি আঘাতে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ইউএনও ওয়াহিদাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে এনে অস্ত্রোপচার করা হয়।

ওয়াহিদা খানম আইসিইউ থেকে এইচডিইউতে

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ৭ সেপ্টেম্বর ইউএনও ওয়াহিদা খানমকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়।

ডা. সিরাজুল বলেন, “তাকে অবজারভেশনে রাখা হয়েছে। সেখানে আরও দুই-তিন দিন রেখে পরে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কেবিনে নেওয়ার কথা ভাবা হবে।”

ওয়াহিদার বাবা ওমর আলী এতদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে অ্যাম্বুলেন্স করে রোববার সকাল ৯টার দিকে তাকেও ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে আসা হয়।

রংপুর মেডিকেলের চিকিৎসকরা বলেছেন, ৭০ বছর বয়সী ওমর আলী ডায়াবেটিসের রোগী। হামলায় তিনি ঘাড়ে আঘাত পান। স্পাইনাল কর্ডে জখম হওয়ায় তার শরীরের নিচের অংশ অবশ হয়ে গেছে। এ ধরনের সমস্যা থেকে সেরে উঠতে দুই থেকে তিন মাস সময় লাগে। আপাতত তার অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন, সে কারণেই ঢাকায় পাঠানো হয়েছে।

ওমর আলীর অবস্থা জানতে চাইলে ডা. মো. সিরাজুল ইসলাম বলেন, “উনার অবস্থা আগের মতই। পরীক্ষা চলছে, তবে তার জ্ঞান আছে। ঘাড়ের ইনজুরির জন্য শরীরের নিচের অংশ দুর্বল। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।”