২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারী পাচার: জামিন মেলেনি নৃত্যশিল্পী ইভানের

নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লালবাগ থানার মামলায় গ্রেপ্তার নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের জামিন মেলেনি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2020, 03:06 PM

Updated : 18 Aug 2022, 03:46 PM

ঢাকার মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার রোববার শুনানি শেষে তার জামিনের আবেদন নাকচ করে দেন বলে আইনজীবীরা জানান।

ইভানের পক্ষে আইনজীবী সুমন কুমার রায় জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন আদালত সংশ্লিষ্ট পুলিশের এসআই স্বপন কুমার মণ্ডল।

জামিনের পক্ষে শুনানিতে আইনজীবী বলেন, মামলাটির এজাহারে ইভানের নাম নেই। তাকে সন্দেহ করে ধরা হয়েছে। তিনি সংস্কুতিবান। কোন অপকর্মের কথা তিনি জানেন না।

রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে ইভানের নাম বলেছে।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর নিকেতন থেকে ইভানকে গ্রেপ্তার করে সিআইডি। শনিবার তাকে আদালতে হাজির করে লালবাগ থানার মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির এসআইকামরুজ্জামান।

জামিনের আবেদন করা হলেও সেদিন মামলার নথি না থাকায় আদালত ইভানের শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গত মাসে মানবপাচারের অভিযোগে আজম খান ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে সোহাগকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডি বলছে।

গত ২ জুলাই লালবাগ থানায় আজম খান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি দাশ। ওই মামলায় সোহাগকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি প্রতিষ্ঠা চালান ইভান শাহরিয়ার সোহাগ। তার দল বিভিন্ন অনুষ্ঠানের নাচে অংশ নেয়। ২০১৭ সালে ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রে নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

সিআইডি বলছে, আজম খান সহযোগীদের দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্যান্স বারে চাকরি দেওয়ার কথা বলে নারী পাচার করতো। দুবাইয়ে আজম খানের নিজস্ব হোটেল ও ড্যান্স বার আছে। দেশে বিভিন্ন অনুষ্ঠানে যারা নাচ-গান করে তাদের অধিক আয়ের প্রলোভন দেখিয়ে পাচার করা হতো। সেখানে নিয়ে নৃত্যশিল্পীদের যৌন কর্মে বাধ্য করা হতো।