২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মতামত ছাড়া নদীতীরে ‘স্থাপনা নয়’

সরকারি সম্পত্তি রক্ষায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির মতামত না নিয়ে নদীর তীরে কোনো স্থাপনা নির্মাণ না করতে অনুরোধ জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2020, 02:38 PM

Updated : 08 Apr 2022, 01:20 AM

বাংলাদেশ পানি বিধিমালা অনুযায়ী গঠিত ওই কমিটির মতামত না নিয়ে নদীর তীরে স্থাপনা না করার অনুরোধ জানিয়ে সম্প্রতি সব সচিবদের চিঠি দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।

এবার বর্ষার সময় নদীর গর্ভে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন বিলীন হয়ে গেছে। এছাড়া বেশ কিছু সরকারি অফিসও নদীর ভাঙ্গনের মুখে পড়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রতিবছর বর্ষাকালে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে নদী ভাঙ্গনের বিষয়টি নদীবিধৌত বাংলাদেশের জন্য একটি পুরনো সমস্যা। এ সমস্যা সমাধানে বর্তমান সরকার শতবর্ষী পরিকল্পনা ‘বাংলাদেশ ডেল্টা প্লান-২১০০’ গ্রহণ করেছে। এর আওতায় সমন্বিতভাবে নদী ব্যবস্থাপনার মাধ্যমে বন্যা মোকাবেলায় প্রচেষ্টা অব্যাহত আছে।

“এমনটি লক্ষ্য করা গেছে যে, কোনো প্রকার যাচাই ছাড়া নদী ভাঙ্গনের সম্ভাবনা রয়েছে এমন স্থানে অপরিকল্পিতভাবে বিভিন্ন সরকারি-বেসরকারি অবকাঠামো (স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তা, কালভার্ট, সেতু, সাইক্লোন শেল্টারসহ অন্যান্য স্থাপনা) নির্মাণ করা হয়। নদী ভাঙ্গনের ফলে এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের পরিস্থিতি থেকে সরকারি অর্থ ও সম্পদ রক্ষার জন্য অবকাঠামো নির্মাণের স্থান নির্বাচনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।”

পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, বন্যা ও নদীর ভাঙ্গনমুক্ত উপযুক্ত পরিসরে অবকাঠামো নির্মাণের এলাকা নির্বাচনের জন্য ওই স্থানের মাটির গঠনশৈলী, নদীর গতিপথ ও এর বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক।

“নদীর গতিপথ ও এর বৈশিষ্ট্য বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয় নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে থাকে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বিশেষায়িত সংস্থাগুলো নদী প্লাবনভূমিসহ অন্যান্য জলাশয়ের গতি ও প্রকৃতি এবং ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়মিতভাবে গবেষণা ও পরিবীক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে।”

চিঠিতে বলা হয়েছে, সরকারি বিভিন্ন দপ্তরগুলো নদীর ভাঙ্গনের ঝুঁকিপূর্ণ এলাকায় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম প্রকল্প গ্রহণের পূর্বে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে অবকাঠামো নির্মাণের স্থান নির্বাচনের ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা ও মতামত গ্রহণ করতে পারে, যা উন্নয়ন বিনিয়োগের স্থায়িত্ব রক্ষায় সহায়ক হবে।

গত ১৮ অগাস্ট একনেক সভায় প্রধানমন্ত্রী নদীর পাড়ে বা চরে কোনো ধরনের সরকারি অফিস, বাসভবন, স্কুল ও কলেজ নির্মাণ না করার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, স্কুল-কলেজের বেলায় সহজে খুলে সরিয়ে নেওয়া যায় এ রকম নির্মাণ কৌশল এবং ডিজাইন করে তৈরি করতে হবে।

ভবিষ্যতে নদী তীরবর্তী স্থান বা প্লাবনভূমিতে সরকারি কোনো অবকাঠামো নির্মাণ প্রকল্প গ্রহণের আগে ‘বাংলাদেশ পানি বিধিমালা ২০১৮’ অনুযায়ী গঠিত জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির পরামর্শ মতামত নেওয়ার জন্য চিঠিতে সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অনুরোধ জানানো হয়েছে।