২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গরু পেলেন ঘানি টানা ছয়ফুল

টাকার অভাবে নিজেই ঘানি টেনে তেল ভাঙিয়ে স্ত্রী ও তিন সন্তানের সংসার চালাচ্ছিলেন লালমনিরহাটের ছয়ফুল ইসলাম; সেই খবর পেয়ে তাকে একটি গরুর সঙ্গে ১০ টাকা হাজার উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2020, 01:59 AM

Updated : 10 Oct 2022, 07:24 PM

প্রধানমন্ত্রীর পক্ষে লালমনিরহাটের জেলা প্রশাসক গত বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের ছয়ফুলের হাতে ওই গরু রশি ও নগদ টাকা তুলে দেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।   

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, ছয়ফুল ইসলাম গত ২৫ বছর ধরে গরুর অভাবে নিজেই ঘানি টানছেন এবং তার স্ত্রী মোর্শেদা বেগম এ কাজে তাকে সহযোগিতা করে আসছেন। হতদরিদ্র এই দম্পতি প্রতিদিন ৫-৬ ঘণ্টা ঘানি টেনে যে পরিমাণ তেল ও খৈল উৎপাদন করেন, তা বিক্রি করে তিন সন্তানসহ পাঁচজনের সংসার চালান।

গত বুধবার এ বিষয়ে একটি গণমাধ্যমে ছবিসহ খবর প্রকাশিত হয়। সংবাদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। তিনি ঘানি টানার জন্য ছয়ফুল-মোর্শেদা দম্পতিকে একটি গরু এবং গরুটির রক্ষণাবেক্ষণ ও ঘানি মেরামতের জন্য ১০ হাজার টাকা উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেন।