জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তি উদযাপনের সিদ্ধান্ত
জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ অর্জন ও বঙ্গবন্ধুর ভাষণ দেওয়ার দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।
শনিবার বিকালে কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং কমিটির প্রধান সমন্বয়ক কামাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন উপকমিটির আহ্বায়ক, সদস্য-সচিব ও সদস্যরা অংশ নেন।
জাতীয় বাস্তবায়ন কমিটি জানিয়েছে, জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ অর্জন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর আলোচনা অনুষ্ঠান এবং জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ দেওয়া উপলক্ষে আগামী ২৫ সেপ্টেম্বর আলোচনা ও প্রামাণ্যচিত্র সম্প্রচার করা হবে।
১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ অর্জনে বঙ্গবন্ধুর ভূমিকা জনগণের সামনে তুলে ধরতে ধারণকৃত একটি আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করারও সিদ্ধান্ত হয় সভায়।
এছাড়া ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর দেওয়া বাংলা ভাষায় ঐতিহাসিক ভাষণের উপর আরও একটি আলোচনা অনুষ্ঠান ধারণ করা হয়েছে।
এ সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল, অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করা হবে।
এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী অন্যান্য অনুষ্ঠান মহামারীর কারণে কিভাবে আয়োজন করা যেতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জাতীয় বাস্তবায়ন কমিটির সভায়।
ভার্চুয়াল আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশ নেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
