২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাওর পর্যটনে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

দেশে হাওরভিত্তিক পর্যটনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2020, 12:20 AM

Updated : 18 Aug 2022, 03:45 PM

বৃহস্পতিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এক অনলাইন কর্মশালায় তিনি বলেছেন, পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন শেষে এ ব্যাপারে বিস্তারিত কার্যক্রম গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, “ইদানিং আমাদের দেশে হাওর পর্যটন পর্যটকদের কাছে জনপ্রিয় হতে শুরু করেছে। হাওরে ভ্রমণ করতে যাওয়া পর্যটকেরা যাতে নিরাপদে তাদের ভ্রমণ সম্পন্ন করতে পারেন সেদিকে স্থানীয় প্রশাসনের খেয়াল রাখতে হবে।

“একই সাথে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও ভ্রমণের সময় কেউ যাতে হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ নষ্ট না করতে পারে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবেরের সঞ্চালনায় ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. আব্দুল আহাদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ।