২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় র‌্যাবের ‘সোর্স’ হত্যায় চারজন গ্রেপ্তার

পাঁচ দিন আগে রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের সামনে র‌্যাবের ‘সোর্স’ কাশেম ওরফে কাইশ্যা খুনে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2020, 07:14 PM

Updated : 18 Aug 2022, 03:45 PM

গ্রেপ্তাররা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাতুল, মাসুদ, রেজাউল ও রুবেল।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুণ অর রশিদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১ সেপ্টেম্বর নূরজাহান নামে এক নারী এবং তার ছেলেকে গাঁজাসহ গ্রেপ্তার করে র‌্যাব। এই ঘটনায় শেরে বাংলা নগর থানায় একটি মামলা হয়।

“স্বামী পরিত্যক্তা নূরজাহানের সাথে জাহাঙ্গীর হোসেন ওরফে রাতুলের একটা অনৈতিক সম্পর্ক ছিল। রাতুলের দৃঢ় বিশ্বাস নূরজাহানকে র‌্যাবের সোর্স কাশেম ওরফে কাইশ্যাই তথ্য দিয়ে গ্রেপ্তার করিয়েছে।

“এজন্য তাকে উচিত শিক্ষা দিতে পরিকল্পনা করে করে রাতুল। তার এই পরিকল্পনার কথা মামাত ভাই রেজাউলকে ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় জানায়। পরে পরিচিত রিকশাচালক মাসুদ, ভাতের দোকানদার রুবেলের সাথে যোগাযোগ করে তারা একত্রিত হয়।

“রুবেলের ভাতের দোকানে বসে পরিকল্পনার অংশ হিসাবে কাইশ্যাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। তারা জড়ো হয় উড়োজাহাজ ক্রসিং’য়ে। এখানে কাইশ্যার স্ত্রীর দেখা পায়। পরে তাকে কাইশ্যার কথা জিজ্ঞাসা করলে জানে না বলে জানায়। এক পর্যায়ে তারা কাইশ্যার স্ত্রী নাহারের মোবাইল ফোনটি ভেঙে ফেলে।

“দুটি মটরসাইকেলে করে তারা চারজন কাইশ্যাকে খুঁজতে গিয়ে এক পর্যায়ে উড়োজাহাজ ক্রসিং এলাকায় কাইশ্যাকে আসতে দেখে চারজনই ধাওয়া করে। এসময় কাইশ্যা পড়ে গেলে তার বাম পায়ের উরুতে চাকু দিয়ে আঘাত করা হয়। পরে ওই অবস্থায় দৌড় দিয়ে আত্মরক্ষার চেষ্টা চালায় কাইশ্যা।

“পরে রাতুল ও মাসুদ মটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করে। কাইশ্যা দৌড়ে পরিকল্পনা কমিশনের সামনে দিয়ে যাওয়ার সময় পড়ে গেলে মাসুদ মটরসাইকেলের পেছন থেকে নেমে তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ওই মটরসাইকেলে করে পালিয়ে যায়।”

পরে স্থানীয় লোকজন কাশেমকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

আসামিদের গ্রেপ্তারের বিষয়ে অতিরিক্ত উপকমিশনার রুবায়েত জামান জানান, ঘটনাস্থলের একটি সিসি ক্যামেরার ফুটেজে পাওয়া যায়। এছাড়া কাশেমের স্ত্রীর করা অভিযোগ নিয়ে পুলিশ মাঠে নামে। পটুয়াখালী থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় চাকু। পরে পুলিশের পৃথক একটি টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্য তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চারজনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয় জানিয়ে শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, রাতুল আর রুবেলকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্য দুইজন মাসুদ ও রেজাউল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

ওই থানার ওসি জানে আলম মুন্সী বলেন, “এই হত্যাকাণ্ডে যে চারজন জড়িত তাদের প্রত্যেকেই আমরা তিন দিনের মধ্যে গ্রেপ্তার করেছি।”