প্রকল্প বাস্তবায়নে ধীর গতি দেখে হুঁশিয়ারি কাদেরের
সারাদেশে চলমান সড়ক পরিবহন ও সেতু বিভাগের প্রকল্পগুলো বাস্তবায়নে ধীর গতি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের হুঁশিয়ার করেছেন মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনোমিক কোঅপারেশন-সাসেকের আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
চলমান সব প্রকল্পে দায়িত্বপ্রাপ্তদের যার যার অবস্থানে থেকে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, "সাসেক-২ প্রকল্পের চলমান কাজে আছে সুস্পষ্ট ধীরগতি। করোনাকালকে এখানেও প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে। করোনার প্রথম দিকে কাজ চলেছে শম্বুকগতিতে। বলা হয়েছে বন্যার কথা। বন্যা তো সাময়িক একটা বিষয়। আবার বলা হয়েছে পাথরের ক্রাইসিস।
“৮টি প্যাকেজের মধ্যে ৭টির কাজ চলমান। মাত্র ২১ ভাগ কাজ শেষ হয়েছে এ পর্যন্ত। এভাবে চলতে থাকলে কত বছরে শেষ করবে এ প্রকল্প? কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে প্রকল্প ব্যয়?”
প্রকল্প কর্মকর্তাদের কারও কারও গাফিলতির কথাও বলেন তিনি।
“কয়েকজন প্রজেক্ট ম্যানেজার ছাড়া অন্যরা এবং তত্বাবধায়ক প্রকৌশলীরা কোথায় অফিস করেন আমি প্রধান প্রকৌশলীর কাছে জানতে চাই? তারা ঢাকায় কেন থাকবেন? আমার তো ধারণা, প্রকল্প বাস্তবায়নে ধীরগতির বড় একটি কারণ প্রকল্প সংশ্লিষ্টদের সাইট এলাকায় অবস্থান না করা।”
প্রকল্পের কাজ এগিয়ে নিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে না পারাকেও ধীর গতির কারণ হিসেবে দেখান মন্ত্রী।
তিনি বলেন, “আমাকে অনেকে বলে, কীভাবে প্রকল্প দীর্ঘায়িত করা যায় আর ব্যয় বাড়ানো যায় সে হিসাবটাই অনেকে কষেন। আমি বিষয়টি এভাবে না দেখলেও কারও কারও গাফিলতি এবং গা-ছাড়া ভাব দেখতে পাই।”
প্রকল্প সংশ্লিষ্টদের উদ্দেশে কাদের বলেন, "পদোন্নতির ক্ষেত্রে তো আপনাদের বছরের পর বছর অপেক্ষা করতে হয় না এখন। আগের কথা ভাবুন, কত বছর বয়সে নির্বাহী প্রকৌশলী হতেন? আর এখন? অন্যান্য ক্যাডার সার্ভিসের সাথে তুলনা করে দেখুন। সিনিয়রিটি অনুসরণ করেই প্রধান প্রকৌশলী দেওয়া হচ্ছে।
“অথচ আপনারা ঢাকায় বসে থাকবেন, আর সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি হবে, দেশের মানুষের কষ্টার্জিত অর্থের অপচয় হবে, তা কী প্রত্যাশিত?
“আমি আশা করব, আপনারা নিজস্ব ফোরামে এ বিষয়গুলো ভেবে দেখবেন, আলোচনায় আনবেন। আর যার যার কর্মস্থল যেখানে সেখানে অবস্থান করতে হবে। আমি এ বিষয়ে সচিব মহোদয়কে একটি আদেশ জারির নির্দেশনা দিচ্ছি। দক্ষতা এবং ভালো কাজের জন্য নিশ্চয়ই পুরস্কৃত হবেন।”
বিএনপিকে জবাব
সভায় রাজনৈতিক আলোচনার প্রসঙ্গ টেনে সংসদের কার্যক্রম নিয়ে বিএনপির সমালোচনারও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, “বিএনপির সংসদ সদস্যরা পার্লামেন্টে নিয়মিত কথা বলার সুযোগ পাচ্ছেন, সে হিসেবে সরকারি দলের সদস্যরাই প্রতিদিন তেমন সুযোগ পাচ্ছেন না।
“সংসদে বিএনপির সদস্য সংখ্যা কম, জনগণ তাদের ভোট দেয়নি, সে দোষ কি সরকারের পার্লামেন্টের? বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং পার্লামেন্টের ওপর দায় চাপাচ্ছে।”
ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেন, “এদেশের রাজনীতিতে, আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার কোনো রেকর্ড নেই। নির্বাচনে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে তাদের নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে অতি সখ্যতার জন্য।”
