২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাতে রাখায় নির্মাণসামগ্রী খোয়ানোর সঙ্গে গুণতে হল জরিমানাও

ব্যতিক্রমী এক অভিযানে ফুটপাতজুড়ে ফেলে রাখা নির্মাণসামগ্রী জব্দ করে সেখানেই নিলামে তুলেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2020, 11:53 PM

Updated : 10 Oct 2022, 07:23 PM

সেই সঙ্গে এভাবে সড়ক ও ফুটপাত দখলে রাখায় জরিমানাও করা হয়েছে ওই সব নির্মাতা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাউকে কাউকে।

সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে গুলশান-বনানী এলাকায় ফুটপাত দখলমুক্ত অভিযানে এ ঘটনা ঘটে। একইসঙ্গে এই সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তাদের নেতৃত্বেও অভিযান চলে।

এদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে জব্দ করা মালামাল ৩২টি নিলামের মাধ্যমে ১৩ লাখ ৮ হাজার ৫৯০ টাকা আসে। এর পাশাপাশি জরিমানা হিসেবে আরও ৬ লাখ ৪৫ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া ১ হাজার ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি।

শুরুতে গুলশানের ৮৬ নম্বর সড়কে যান মেয়র আতিকুল ইসলাম। সেখানে একটি নির্মাণাধীন ভবনের সামনে রডসহ নির্মাণসামগ্রী রাখা হয়েছিল ফুটপাতে।

দায়িত্বশীল কাউকে না পেয়ে রডগুলো জব্দ করা হয়। পরে তা নিলামে তোলেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া।

এ সময় নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলী পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ফুটপাত দখল করে মালামাল রাখার কারণ জানতে চাইলে তিনি কোনো জবাব দিতে পারেননি।

নিলামে পাঁচজন অংশ নেন, যাদের মধ্যে মাহমুদ মোল্লা নামে একজন সর্বোচ্চ দামে ৪৯ হাজার টাকায় রডগুলো ও রড কাটার মেশিন কিনে নেন।

এ সময় সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “আমরা বার বার সতর্ক করার পরেও কেউ পাত্তা দেয়নি। তাই এগুলো নিলামে দেওয়া হয়েছে। এখন এসব সরকারি মাল। যিনি নিলামে কিনেছেন তিনি ছাড়া কেউ ধরতে পারবেন না।”

পরে গুলশানের ৬৭ নম্বর সড়কে যান মেয়র আতিকুল। সেখানকার ৯ নম্বর বাড়িতে নির্মাণাধীন ভবনের সামনে রাখা কয়েক টন রড জব্দ করা হয়। ৬ লাখ ৫৫ হাজার টাকায় এসব রড কিনে নেন একজন।

ফুটপাতে জব্দ নির্মাণসামগ্রী ফুটপাতেই নিলাম  

এ সময় নির্মাতা প্রতিষ্ঠান ইনস্টার লিমিটেডের মহাব্যবস্থাপক মেজবাউল হাসানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

ওই সড়কের ৪/এ নম্বর হোল্ডিংয়ে নির্মাণাধীন বাড়ির সামনের ফুটপাতজুড়ে রাখা হয়েছিল নির্মাণসামগ্রী। নির্মাণকাজ করতে গিয়ে ফুটপাতের একটি অংশ ভেঙে ফেলে নির্মাতা প্রতিষ্ঠান। সড়ক ও ফুটপাত ব্যবহারের জন্য সিটি করপোরেশনের কাছ থেকে কোনো অনুমতিও নেওয়া হয়নি।

এসব অভিযোগে ওই প্রতিষ্ঠানের দায়িত্বরত প্রকৌশলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মেয়র আতিকুল বলেন, “সরকারি রাস্তা কাউকে দখল করে রাখতে দেওয়া হবে না। প্রতি সপ্তাহে একদিন রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চলবে।”

এই অভিযানকে রাস্তা ও ফুটপাত দখলকারীদের প্রতি ‘কঠোর বার্তা’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “তারা এত বড় বড় নির্মাতা প্রতিষ্ঠান, কিন্তু জনগণের রাস্তা ও ফুটপাত দখল করে রেখেছে। অনেকবার বলার পরও তারা কানে তোলেনি। এজন্য এই অভিযান চালানো হয়েছে।

“এটা চলবে। যেখানেই রাস্তা ও ফুটপাতে নির্মাণ সামগ্রী পাওয়া যাবে জব্দ করে নিলামে তোলা হবে।”

মেয়র আতিকুল বলেন, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যত্রতত্র সাইনবোর্ড, বিলবোর্ডে ভরে গেছে। এসব সাইনবোর্ডের জন্য অনেকেই সিটি করপোরেশন থেকে অনুমতি নিচ্ছে না। অনুমতি ছাড়া যেসব বিলবোর্ড বসানো হয়েছে সেগুলো উচ্ছেদে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হবে।

“আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা নির্ধারিত ট্যাক্স সিটি করপোরেশনকে দিয়ে সাইনবোর্ড লাগাতে পারেন। যে কোনো ধরনের সাইনবোর্ড, বিলবোর্ডে সিটি করপোরেশনের অনুমতি নিয়ে ট্যাক্স দিয়ে তারপরে লাগাতে পারবেন। অতিরিক্ত সাইনবোর্ড লাগিয়ে অনেকে ঢাকা শহরের সৌন্দর্য নষ্ট করছেন, এ ধরনের কাজ থেকে বিরত থাকুন।”