ফুটপাতে জব্দ নির্মাণসামগ্রী ফুটপাতেই নিলাম
ফুটপাতজুড়ে ফেলে রাখা নির্মাণসামগ্রী জব্দ করে সেখাই নিলামে তুলেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত অভিযানে এঘটনা ঘটে।
শুরুতে গুলশানের ৮৬ নম্বর সড়কে যান মেয়র। সেখানে একটি নির্মাণাধীন ভবনের সামনে রডসহ নির্মাণসামগ্রী রাখা হয়েছিল ফুটপাতে।
দায়িত্বশীল কাউকে না পেয়ে রডগুলো জব্দ করা হয়। পরে তা নিলামে তোলেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া।
এসময় নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলী পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ফুটপাত দখল করে মালামাল রাখার কারণ জানতে চাইলে তিনি কোনো জবাব দিতে পারেননি।
নিলামে পাঁচ জন অংশ নেন, যাদের মধ্যে মাহমুদ মোল্লা নামে একজন সর্বোচ্চ দামে ৪৯ হাজার টাকায় রডগুলো ও রড কাটার মেশিন কিনে নেন।
প্রধান রাজস্ব কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “আমরা বার বার সর্তক করার পরেও কেউ পাত্তা দেয়নি। তাই এগুলো নিলামে দেওয়া হয়েছে। এখন এসব সরকারি মাল। যিনি নিলামে কিনেছেন তিনি ছাড়া কেউ ধরতে পারবেন না।“
পরে গুলশানের ৬৭ নম্বর সড়কে যান মেয়র আতিকুল ইসলাম। ৯ নম্বর বাড়িতে নির্মাণাধীন ভবনের সামনে রাখা কয়েক টন রড জব্দ করা হয়। ৬ লাখ ৫৫ হাজার টাকায় এসব রড কিনে নেন একজন।
“এটা চলবে। যেখানেই রাস্তা ও ফুটপাতে নির্মাণ সামগ্রী পাওয়া যাবে। জব্দ করে নিলামে তোলা হবে।“
