একই সিরিজের ৩ লাখ মোবাইল নম্বর পাচ্ছে পুলিশ
বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য একই সিরিজের তিন লাখ মোবাইল ফোন নম্বর দেবে গ্রামীণফোন।
সোমবার পুলিশ সদরদপ্তরে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের উপস্থিতিতে পুলিশের পক্ষে এআইজি (প্রশাসন) মো. মাসুদুর রহমান এবং গ্রামীণফোনের পক্ষে চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান চুক্তিতে স্বাক্ষর করেন।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ পুলিশে বর্তমানে বিভিন্ন সিরিজের মোবাইল নম্বর ব্যবহৃত হচ্ছে। ফলে এসব মোবাইল নম্বরের সঠিকতা নিয়ে একদিকে পুলিশ সদস্যরা যেমন বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে, অন্যদিকে জনগণও বিভ্রান্ত হচ্ছে। এর ফলে পুলিশের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান বিলম্বিত হচ্ছে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বলেন, গত ১০ বছরে পুলিশের ইউনিটের সংখ্যা বেড়েছে, সদস্য বেড়েছে। এজন্য পুলিশের কমিউনিকেশন সিস্টেম বাড়াতে হয়েছে।
“বাংলাদেশ পুলিশের কমিউনিকেশন সিস্টেমকে আমরা একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই।”
গ্রামীণফোনের সহযোগিতায় পুলিশের মোবাইল কমিউনিকেশন সিস্টেমকে একই সিরিজের আওতায় এনে স্বল্পতম সময়ে সর্বোত্তম সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গ্রামীণফোনের প্রধান নিবার্হী কর্মকর্তা ইয়াসির আজমান করোনাভাইরাস মহামারীকালে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, “পুলিশের মতো একটি ঐতিহ্যবাহী ও বৃহৎ সংগঠনের সাথে কাজ করতে পেরে গ্রামীণ ফোন গর্বিত ও আনন্দিত।
“এ চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ এবং গ্রামীণ ফোনের মধ্যে সহযোগিতার এক নতুন দ্বার উন্মোচিত হল।”
বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কনস্টেবল মিলিয়ে বর্তমানে সদস্য সংখ্যা দুই লাখ ১২ হাজারের মতো। পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবলরা এখনও অফিস থেকে দেওয়া মোবাইল নম্বর পান না, যাদের সংখ্যা মোট পুলিশের অর্ধেকের মতো।
ভবিষ্যতে নতুন কর্মকর্তাদের জন্য প্রয়োজন হলে যাতে একই সিরিজের নম্বর দেওয়া যায়, সেজন্য একসঙ্গে তিন লাখ মোবাইল নম্বর একই সিরিজের করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। অন্যদের মধ্যে অতিরিক্ত আইজিপিবৃন্দসহ পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গ্রামীণফোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
