২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানসম্পন্ন উচ্চ শিক্ষা’ নিশ্চিতে হবে তিন প্রতিষ্ঠান

মানসম্পন্ন উচ্চ শিক্ষা নিশ্চিত করে দেশের বিশ্ববিদ্যালয়গুলো যাতে বিশ্ব র‌্যাংকিংয়ে স্থান পেতে পারে, সেজন্য তিনটি প্রতিষ্ঠান করবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2020, 05:52 PM

Updated : 18 Aug 2022, 03:44 PM

ন্যাশনাল রিসার্চ কাউন্সিল, সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরি এবং ইউনিভার্সিটি টিচার্চ টেনিং অ্যাকাডেমি নামে এসব প্রতিষ্ঠান করা হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ জানিয়েছেন।

‘স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন’ বাস্তবায়নে সোমবার ২১ সদস্যের তত্ত্বাবধান কমিটির প্রথম ভার্চুয়াল সভায় তিনি এ তথ্য দেন বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউজিসি বলছে, শিক্ষার মান নিশ্চিত করতে ও বিশ্ব র‌্যাংকিংয়ে স্থান পেতে এই তিনটি প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা পালন করতে পারে। এসব প্রতিষ্ঠানের কাঠামো ও স্থাপনের স্বরূপ নির্ধারণে কার্যক্রম চলমান রয়েছে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে বাংলাদেশে অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠা এবং ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্রণয়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্স ও ল্যাব অ্যাক্রিডেটেড কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নিয়মিতভাবে ও পরিকল্পনা অনুযায়ী এগুলোর মান তদারকি করা হবে।

১৩ বছরের জন্য ‘স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন’ বাস্তবায়ন করতে হলে নিবিড়ভাবে এর তত্ত্বাবধান ও তদারকি করা প্রয়োজন বলে মত দেন ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর।

তিনি বলেন, এই স্ট্র্যাটেজিক প্ল্যান কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়েও শিক্ষার মান নিশ্চিত করতে কৌশলগত পরিকল্পনা প্রয়োজন।

“স্ট্র্যাটেজিক প্ল্যানের আওতায় ২০২২ সালের মধ্যে উচ্চশিক্ষা খাতে জিডিপি বরাদ্দ দুই শতাংশে উন্নীত করা আবশ্যক।”

স্ট্র্যাটেজিক প্ল্যানে ২০৩০ সাল নাগাদ দেশের উচ্চ শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ ছয় শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে।

ইউজিসি সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম, অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফুল হাসান, শাহজালাল বিজ্ঞান ও প্রুযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক জাফর ইকবাল, ইউজিসির সাবেক সদস্য অধ্যাপক ইউসুফ আলী মোল্লা, ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌস জামান সভায় যুক্ত ছিলেন।