২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2020, 12:42 PM

Updated : 18 Aug 2022, 03:44 PM

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাধীনতা যুদ্ধের এই সমরনায়ক শনিবার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

মুক্তিযুদ্ধে আবু ওসমানের অবদান স্মরণ করে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত আবু ওসমান চৌধুরীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, “মহান মুক্তিযুদ্ধে আবু ওসমান চৌধুরীর বীরত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

“স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণে এই বীর সেনানীর অনবদ্য ভূমিকা সবসময় আমাদের প্রেরণা যোগাবে।”

স্বাধীনতা পুরস্কারে ভূষিত আবু ওসমান যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সেক্টর কমান্ডারস ফোরামের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের পদেও ছিলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক শোকবার্তায় বলেন, “তিনি শুধু বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আজীবন কাজ করেছেন। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে আবু ওসমান চৌধুরীর নাম স্মরণীয় হয়ে থাকবে।”

পুরনো খবর:

সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী আর নেই