২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে নারীর পায়ের উপর উঠিয়ে দিল বাস

রাজধানীর বনানীতে বাসচাপায় পরমাণু শক্তি কমিশনের এক নারী কর্মকর্তার পা থেঁতলে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2020, 09:37 PM

Updated : 18 Aug 2022, 03:43 PM

আফরোজা বেগম নামের ওই নারীকে গুরুতর অবস্থায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টার দিকে বনানী সৈনিক ক্লাবের সামনের মোড়ে নরসিংদী থেকে মহাখালীগামী পিপিএল পরিবহনের একটি বাস তার পায়ের উপর উঠিয়ে দেয় বলে বনানী থানার ওসি নুরে আলম মিয়া জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আফরোজা ওই বাসের যাত্রী ছিলেন। তিনি বাস থেকে নেমে ওই বাসের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় বাসটি চালিয়ে তার ডান পায়ের উপর উঠিয়ে দেওয়া হয়।

বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

Image
আহত আফরোজা বেগম; ছবি সংগৃহীত

আহত আফরোজা বেগম; ছবি সংগৃহীত

দুর্ঘটনার পর পুলিশ আফরোজাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

আফরোজা পরমাণু শক্তি কমিশনের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ক্যাম্পাসের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের কারিগরি কর্মকর্তা।

নরসিংদীতে গ্রামের বাড়ি থেকে বাসে করে ঢাকায় এসেছিলেন তিনি। কচুক্ষেতের বাসায় যাওয়ার জন্য বনানীতে নামেন বলে ওই থানার উপ-পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান।

আফরোজার ডান পায়ের হাঁটুর নিচ থেকে থেঁতলে যাওয়া ছাড়াও ডান হাতে আঘাত পেয়েছেন বলে জানান তিনি।

আফরোজা বেগমের ছেলে আল আমিন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে তার মাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে। অস্ত্রোপচারে চার-পাঁচ ঘণ্টা লাগতে পারে।

“পা এমনভাবে থেঁতলে গেছে সেটা রাখা সম্ভব হবে কি না ডাক্তাররা সংশয় প্রকাশ করেছেন,” বলেন তিনি।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল গনি মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চেষ্টা করছি পা যেন বাদ দিতে না হয়। তবে কতটুকু সম্ভব হবে তা এই মুহূর্তে বলা মুশকিল।”