‘এ যেন ইসিকে স্থায়ীভাবে পঙ্গু করার অপচেষ্টা’
নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন, দল নিবন্ধন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের খসড়া আইনের উদ্যোগ নিয়ে উদ্বেগ জানিয়েছেন একটি আলোচনা সভার বক্তারা।
বুধবার নাগরিক সংগঠন সুজন (সুশাসনের জন্য নাগরিক) আয়োজিত একটি অনলাইন গোলটেবিল বৈঠকের আলোচকরা এ মন্তব্য করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ-এর সংশোধনী প্রস্তাব ও নাগরিক ভাবনা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান এবং লিখিত প্রবন্ধ পাঠ করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী বলেন, “বর্তমান নির্বাচন কমিশন গত সাড়ে তিন বছরে তাদের মেয়াদকালে আনেকগুলো অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এসব অপচেষ্টার মাধ্যমে তাদের জনস্বার্থবিরোধী মানসিকতারই শুধু প্রকাশ পায়নি, এর মাধ্যমে তাদের অসততা ও অযোগ্যতারও বহিঃপ্রকাশ ঘটেছে।
“তাদের সবচেয়ে ভয়ানক অপচেষ্টা হল আমাদের নির্বাচনী ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। তবে তা করেই বর্তমান কমিশন ক্ষান্ত হচ্ছে না, তারা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে স্থায়ীভাবে পঙ্গু করার জন্যও যেন উঠে-পড়ে-লেগেছে।”
লিখিত বক্তব্যে দিলীপ কুমার সরকার বলেন, “বর্তমান কমিশনের অপকর্মের আরেকটি দৃষ্টান্ত হল নির্বাচন কমিশনের অধীনে রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধন সম্পর্কিত গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) থেকে ৯০বি: (১)(খ)(আ) ধারা বাদ দেওয়ার উদ্যোগ, যে ধারাতে ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলের সকল কমিটিতে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধি রাখার বিধান রয়েছে।… এই সিদ্ধান্ত সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক।
“বর্তমান নির্বাচন কমিশনের আরেকটি চরম বিতর্কিত উদ্যোগ হল আরপিও সংশোধনের অপচেষ্টা। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশন ১০টি ধারার ১১টি উপধারা বাদ দিয়ে আরপিও সংশোধনের একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।… এসব ক্ষমতা রোধ করলে কমিশন একটি ঠুঁটো জগন্নাথ প্রতিষ্ঠানে পরিণত হবে, যার মাধ্যমে কার স্বার্থসিদ্ধি হবে তা আমাদের বোধগম্য নয়।”
নির্বাচন কমিশনের আরপিও থেকে বাদ দেওয়ার প্রস্তাবনায় যেসব ধারা
ধারা ১১ (১): নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা সংক্রান্ত বিধান;
ধারা ২১ (১): প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট নিয়োগ সংক্রান্ত বিধান;
ধারা ২২ (১): প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট নিয়োগ সংক্রান্ত বিধান;
ধারা ২৫ (১): প্রিসাইডিং কর্মকর্তার ভোটগ্রহণ বন্ধ করার ক্ষমতা সংক্রান্ত বিধান;
ধারা ২৬: গোপন ব্যালটে ভোট প্রদান সংক্রান্ত বিধান;
ধারা ৩২: টেন্ডার্ড ব্যালট পেপার সংক্রান্ত বিধান;
ধারা ৪১: জামানত বাজেয়াপ্ত সংক্রান্ত বিধান;
ধারা ৪২: রিটানিং কর্মকর্তার দলিল দস্তাবেজ সংক্রান্ত বিধান;
ধারা ৯০: রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত বিধান;
(ধারা (৯০এ, ৯০বি, ৯০সি, ৯০ডি, ৯০ই, ৯০এফ, ৯০জি, ৯০ এইচ, ৯০আই ধার সংক্রান্ত অনেকগুলো বিধান আরপিও থেকে বাদ দিয়ে রাজনৈতিক দলের জন্য একটি পৃথক আইন করার উদ্যেগ নেওয়া হয়েছে)
ধারা ৯১ সি: নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ সংক্রান্ত বিধান;
ধারা ৯১ই: কমিশন কর্তৃক প্রার্থিতা বাতিল ও জরিমানা আরোপের ক্ষমতা সংক্রান্ত বিধান;
এ বিষয়ে আইনজীবী শাহদীন মালিক বলেন, “সরকার চাইলে কমিশন সরকারকে আইন করার ব্যাপারে পরামর্শ দিতে পারে। কিন্তু স্বপ্রণোদিত হয়ে কমিশনের আইন প্রণয়নের উদ্যোগ সংবিধানের ১১৯ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক।”
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, “আমাদের নির্বাচন কমিশন স্বাধীন কমিশনের মডেল থেকে মিশ্র মডেলের দিকে যাচ্ছে বলে আমার মনে হয়। তখন সরকার নির্দেশিত প্রক্রিয়ায় কমিশন নির্বাচন করবে।”
এ গোলটেবিল বৈঠকে অংশ নেন সুজনের নির্বাহী সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, নির্বাহী সদস্য বিচারপতি আব্দুল মতিন, আলী ইমাম মজুমদার, সৈয়দা রিজওয়ানা হাসান, জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন, সঞ্জীব দ্রং, সুজনের রংপুর কমিটির সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, গোলাম মর্তুজা, আবু সাইদ খান, আসিফ নজরুল প্রমুখ।
