অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে মুনীরকে নিয়োগ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছেন।
এস এম মুনীর
১৯৯৫ সালে তিনি তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন। সমিতির সে কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক বিচারপতি তোফাজ্জল হোসেন খান (টিএইচ খান)।
২০১৫ সালের ২০ ডিসেম্বর দেশের সর্বোচ্চ আদালত এস এম মুনীরকে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করে।
এস এম মুনীরের নিয়োগের মধ্য দিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এখন তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন। বাকি দুজন হলেন মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত তিন অ্যাটর্নি জেনারেলসহ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মোট আইন কর্মকর্তার সংখ্যা এখন ২২৬ জন।
এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছেন ৬৭ জন। আর সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন ১৫৫ জন।
