চট্টগ্রামের কমিশনারসহ সাত ডিআইজিকে বদলি
করোনাভাইরাস মোকাবেলায় নানামুখী পদক্ষেপ নিয়ে আলোচিত চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমানসহ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এদের মধ্যে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনও রয়েছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহবুবর রহমানকে শিল্প পুলিশের ডিআইজি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমানকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি করা হয়েছে। তার জায়গায় যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দায়িত্ব পেয়েছেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুককে সারদা পুলিশ একাডেমির ডিআইজি করা হয়েছে।
আর সারদার ডিআইজি মো. আবদুল্লাহেল বাকীকে সিআইডিতে পাঠানো হয়েছে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদও সিআইডিতে ডিআইজির দায়িত্ব পালন করবেন।
অপরদিকে সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।
