২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা উত্তর: ফুটপাত দখলমুক্ত করতে ৭ সেপ্টেম্বর থেকে অভিযান

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ৭ সেপ্টেম্বর থেকে অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2020, 02:35 PM

Updated : 10 Oct 2022, 07:22 PM

রোববার উত্তর সিটির বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রী পাওয়া গেলেই তা জব্দ করা হবে।

“এরপর পরিদর্শনে বের হলে সাথে ম্যাজিস্ট্রেট ও ট্রাক, লোডার, বুলডোজার থাকবে। সড়ক ও ফুটপাতের উপর নির্মাণসামগ্রী, দোকান বা অন্য কিছু পেলে তা সাথে সাথে জব্দ করে নিলামে তোলা হবে। সুন্দর ফুটপাতের উপর নির্মাণসামগ্রী রেখে নষ্ট করছে। এই শহরে এগুলো বরদাশত করা হবে না।”

সকাল ৭টা থেকে উত্তরা ৪ নম্বর সেক্টর, উত্তরা ১১ নম্বর সেক্টর, মিরপুর, কচুক্ষেত, মগবাজার, গুলশান ও বনানী এলাকা পরিদর্শন করেন আতিকুল ইসলাম।

এসব এলাকার পরিচ্ছন্নতা, মশক নিধন, সড়ক মেরামত, চলমান উন্নয়নমূলক কাজ, ফুটপাতের অবৈধ দখল, অবৈধ সাইনবোর্ড-বিল বোর্ডগুলোর অবস্থা তিনি ঘুরে দেখেন।

উত্তরা ১১ নম্বর সেক্টরে একটি বাড়ির সামনে ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায় মেয়র ওই বাড়ি মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে মিরপুরের কালশী এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে বসানো দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।

মিরপুর থেকে মগবাজারে যাওয়ার পথে কচুক্ষেতে রাস্তায় ময়লার ভাগাড় দেখে সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মেয়র।

মগবাজার রেল ক্রসিংয়ের কাছে প্রধান সড়কে ফ্লাইওভারের নিচে রাখা ময়লার কন্টেইনারগুলো তিনি সরিয়ে নিতে বলেন।

গুলশান এভিনিউয়ে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের সামনের ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রীও মেয়র জব্দ করার নির্দেশ দেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর সাইদুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া এ সময় উপস্থিত ছিলেন।