২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে রীভা গাঙ্গুলীর বিদায়ী সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2020, 10:06 PM

Updated : 18 Aug 2022, 03:41 PM

বৃহস্পতিবার সচিবালয়ে গিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে হাই কমিশনার দেখা করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বন্ধুপ্রতিম প্রতিবেশী দুই দেশের মধ্যে পর্যটন ও বিমান পরিবহন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও গাঢ় করার বিষয়ে দুজনে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন,বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের অবদানের কথা বাংলাদেশ সবসময়ই কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুই রাষ্ট্রের জনগণের মধ্যে আরও সম্পর্ক উন্নয়নে কাজ করছেন।

জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন,বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত। দিন দিন এই সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে, যা দুই দেশের জনগণের কল্যাণে ভূমিকা রাখবে।

মাহবুব আলী কোভিড-১৯ পরবর্তী সময়ে এ অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র প্রতিষ্ঠা করার উপর জোর দেন।

তিনি বলেন, প্রতিবেশী বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোর জনগণের পারস্পরিক ভ্রমণের মাধ্যমে এই অঞ্চলের পর্যটন শিল্প কোভিড-১৯ এর কারণে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে।

রীভা গাঙ্গুলী বাংলাদেশে অবস্থানকালে তার সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, বাংলাদেশ পর্যটনের অপার সম্ভাবনার একটি দেশ। বাংলাদেশ ও ভারতের মধ্যে পর্যটন সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও প্রচুর।

তিনি বলেন, ভারতীয় অনুদানে রবীন্দ্র স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ির অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। তা সমাপ্তির পর ভারতের পশ্চিমবঙ্গের বিশাল সংখ্যক মানুষ তা দেখতে বাংলাদেশ ভ্রমণ করবে।

ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে কোভিড-১৯ এর কারণে বন্ধ হয়ে যাওয়া বিমান যোগাযোগ পুনরায় চালু করার প্রস্তাব দেন এবং ভারতের এয়ার বাবলে যুক্ত হওয়ার বিষয়টি উপস্থাপন করেন।

প্রতিমন্ত্রী মাহবুব আলীও বিমান যোগাযোগ পুনরায় চালু করার বিষয়ে একমত পোষণ করে বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রতিমন্ত্রী ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অধিবাসীদের সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহারের পরামর্শ দেন।

ভারতীয় হাই কমিশনারও বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।