২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল প্ল্যাটফর্মে এল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ৩৮ সেবা

সরকারের মাইগভ প্ল্যাটফর্মের আওতায় র‍্যাপিড ডিজিটাইজেশন কার্যক্রমের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৩৮টি সেবা ডিজিটালি দেওয়া শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2020, 08:41 PM

Updated : 10 Oct 2022, 07:22 PM

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনা‌ইদ আহমেদ পলক বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন।

এর ফলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সেবাগ্রহীতারা নাম গেজেটে অন্তর্ভুক্তকরণ, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রাপ্তি, মুক্তিযোদ্ধা সনদের তথ্য সংশোধনসহ প্রায় সব বিষয়ে ডিজিটাল পদ্ধতিতে সেবার আবেদন, সেবা সংশ্লিষ্ট পেমেন্ট, সেবার অগ্রগতি, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পারবেন।

পাঁচটি এক্সেস পয়েন্ট যথা- মাইগভ ওয়েব, মাইগভ অ্যাপ, ৩৩৩, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে এসব কার্যক্রম করা যাবে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “ডিজিটাল সেবার মাধ্যমে সেবা গ্রহীতারা একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম থেকে জানতে পারবেন কোথায়, কীভাবে, কখন সংশ্লিষ্ট পরিষেবা পাওয়া যাবে। ফলে সেবাগ্রহীতা ও সেবা প্রদানকারী উভয়ের সময় ও অর্থের অপচয় কমে আসবে।”

ইউএনডিপির সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ বাস্তবায়নাধীন অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সব সেবা সহজে পৌঁছাতে ‘মাইগভ’ প্ল্যাটফর্মটি এ বছরের শুরুর দিকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো নতুন সফটওয়্যার তৈরি ছাড়াই মাত্র এক মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৩৮টি সেবা কার্যক্রম ডিজিটাল সেবায় রূপান্তর করা হয়েছে।

এই সেবার উদ্বোধন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, “মাইগভ প্ল্যাটফর্মে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রথম মন্ত্রণালয় হিসেবে কার্যক্রম শুরু করায় আমরা আনন্দিত।

“এতে বীর মুক্তিযোদ্ধাদের সেবার মান বৃদ্ধি পাবে এবং কষ্ট করে আর সেবার জন্য ঘুরতে হবে না।”

সব জায়গায় প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়লে দুর্নীতি দূর হবে এবং সেবার মান বাড়বে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, এটুআই’র প্রকল্প পরিচালক মো. আব্দুল মান্নান, এটুআই’র প্রধান টেকনোলজি কর্মকর্তা মোহাম্মদ আরফে এলাহী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।