২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল চূড়ান্ত

চাঁদপুর, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সংসদে উত্থাপিত তিনটি বিল পাসের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2020, 06:19 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

মঙ্গলবার কমিটির বৈঠকে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০’, ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ চূড়ান্ত করে পাসের সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৩ জুন চাঁদপুর ও হবিগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ২৯ জুন কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল তোলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

পরে বিলগুলো পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বউলাই ইউনিয়নে বঙ্গবন্ধুর নামে নতুন বিশ্ববিদ্যালয়টি হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট, ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহত এবং করোনাভাইরাসে যারা মারা গেছেন তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

 কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, একেএম শাহজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া ও এম এ মতিন অংশ নেন।