মুজিবনগরে পর্যটন সুবিধা উন্নয়নে কাজ চলছে: প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুজিবনগরে পর্যটন সুবিধা উন্নয়নে কাজ চলমান বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রোববার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এক অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুজিবনগরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের আশেপাশে সৌন্দর্যবর্ধনসহ পর্যটকদের নানান সুবিধা নিশ্চিত করার জন্য উন্নয়ন কাজ চলমান রয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে জেলা প্রশাসন এই কাজ বাস্তবায়ন করছে। এছাড়াও, মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের কাছে তুলে ধরার জন্য প্রশিক্ষিত গাইড নিয়োগের পরিকল্পনাও সরকারের রয়েছে।”
প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমানে দেশের প্রতিটি অঞ্চলের পর্যটন সম্ভাবনা,সমস্যা ও তার থেকে উত্তরণের উপায় খুঁজে বের করার জন্য পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলেও জানান মাহবুব।
“মহাপরিকল্পনা অনুযায়ী মুজিবনগরসহ সমগ্র মেহেরপুর জেলার পর্যটন উন্নয়নে করণীয় সকল কিছু সম্পাদন করা হবে।”
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবের এর সঞ্চালনায় ও মেহেরপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ।
