২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ পরিবহনের ডিপো থেকে নকল ব্যান্ডরোল লাগানো সিগারেট জব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দাদের একটি দল এসএ পরিবহনের ডিপো থেকে দুটো চালানে ১৪ বস্তা সিগারেট আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্রতিদেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2020, 08:27 PM

Updated : 18 Aug 2022, 03:39 PM

রোববার রাজধানীর শান্তিনগরে এসএ পরিবহনের ডিপো থেকে নকল ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে রাজস্ব ফাঁকির সন্দেহে এই বিপুল পরিমাণ সিগারেট আটক করা হয় বলে জানায় ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

ভ্যাট চালান ছাড়া সিগারেট পরিবহনের দায়ে এসএ পরিবহনকেও জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি চালানে কুষ্টিয়া থেকে ১২ বস্তায় তিন লাখ ৫০ হাজার শলাকা ‘সিজার’ সিগারেট শনিবার রাতে এসএ পরিবহনের গাড়িতে ঢাকায় আসে।

ওই অভিযানে ৪০ হাজার শলাকার সিগারেটের আরও একটি চালান ধরা পড়ে। ‘সেনর গোল্ড’ নামের এসব সিগারেট বগুড়া থেকে ঢাকার ডিপোতে প্রবেশ করে। দুটো চালানের গন্তব্য ছিল নোয়াখালীর চৌমুহনী।

ভ্যাট আইন অনুযায়ী কোনো পার্সেলেই যথাযথ ভ্যাট চালান ছিল না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ভ্যাট গোয়েন্দারা চালানের সিগারেট প্যাকেটগুলোতে ব্যবহৃত ব্যান্ডরোল পরীক্ষা করে প্রাথমিকভাবে নকল বলে নিশ্চিত হন। সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং প্রেসে আটক নমুনা পাঠিয়ে তা আরও যাচাই করা হবে।

আরও অনুসন্ধানের পর সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

সিগারেট পরিবহনের ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসকে বাধ্যতামূলকভাবে ভ্যাট চালান সাথে রাখার শর্ত রয়েছে।