২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে আশাবাদী প্রবাসী কল্যাণ মন্ত্রী

জাপানে প্রশিক্ষণপ্রাপ্ত ‘টেকনিক্যাল ইন্টার্নরা’ বাংলাদেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2020, 08:09 PM

Updated : 18 Aug 2022, 03:39 PM

জাপানে প্রশিক্ষণ শেষে দেশে ফেরা ৮ জন টেকনিক্যাল ইন্টার্নকে সংবর্ধনা ও চেক বিতরণ উপলক্ষে রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আশা প্রকাশ করেন।

ইমরান আহমেদ বলেন, “জাপানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিক্যাল ইন্টার্নরা বাংলাদেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। দেশে বিদেশে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি নির্ভর শিল্প প্রতিষ্ঠানে তাদের চাকরির সম্ভাবনা রয়েছে।”

জাপানের আন্তর্জাতিক মানবসম্পদ উন্নয়ন সংস্থা- আইএম জাপানের সহায়তায় বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে এই আটজন বিনা খরচে টেকনিক্যাল ইন্টার্নশিপ করে এসেছেন।

এই প্রশিক্ষণের জন্য জাপানি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হয়। প্রার্থীর বয়স হতে হয় ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হতে হয় কমপক্ষে এসএসসি পাস।

ইমরান আহমদ বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত এই আটজন জাপানি ভাষায় দক্ষতা অর্জন করায় তাদের জাপানি ভাষার প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত করার ভাবনা আছে সরকারের।

এছাড়া শিক্ষানবিশির সময় জাপানে যে টাকা তারা আয় করেছেন, তা দিয়ে উদ্যোক্তা হিসেবে তারা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে পারেন বলে মন্তব্য করেন মন্ত্রী। 

তিনি বলেন, সরকার অনগ্রসর জেলাগুলো থেকে আরও বেশি কর্মীকে বিদেশে পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে। মহামারী পরবর্তী পরিস্থিতিতে শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার ভিত্তিতে কর্মী পাঠানোর জন্য প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

বিদেশ থেকে ফেরা অভিজ্ঞ কর্মীরা যাতে দেশের ভেতরে কাজ পান, সেজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামসুল আলম অনুষ্ঠানে বক্তব্য দেন।