২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা: খালেদার আরও চার মামলা স্থগিত রাখা হল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার আরও চার মামলার কার্যক্রম স্থগিত রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2020, 04:53 PM

Updated : 18 Aug 2022, 03:39 PM

দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় ২০১৫ সালে দায়ের করা এসব মামলার অভিযোগ আমলে নেওয়ার আদেশ বাতিল প্রশ্নে হাই কোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। তবে রুল নিষ্পত্তির জন্য কোনো সময়সীমা বেঁধে দেয়নি সর্বোচ্চ আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদেন নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও বদরুদ্দোজা বাদল।

আইনজীবী মাহবুব উদ্দিন খোকন পরে সাংবাদিকদের বলেন, “২০১৪ সালে নাশকতা, সহিংসতার ঘটনায় ২০১৫ সালে দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় এই মামলাগুলো করা হয়েছে। পুলিশ যখন এই মামলার এফআইআর দেয় তখন সেখানে খালেদা জিয়ার নাম ছিল না। পরে মামলার অভিযোগপত্র দেওয়ার সময় নির্দেশদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসনের নাম যুক্ত করা হয়, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

“কারণ ঘটনার সময় বেগম খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে অন্তরীণ ছিলেন। সেখানে পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন সংযোগ বন্ধ করে রাখা হয়েছিল। এ অবস্থায় নির্দেশ দেওয়া কোনোভাবেই সম্ভব না।”

খোকন জানান, চারটি মামলার মধ্যে দুটি দারুসসালাম, দুটি যাত্রাবাড়ী থানায়। এর মধ্যে একটি দণ্ডবিধির অধীনে সহিংসতার মামলা। অন্য তিনটি বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলা।

২০১৫ সালে বিএনপিসহ ২০ দলের ডাকা হরতাল-অবরোধের সময় বাসে আগুন, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, মানুষ হত্যাসহ বিভিন্ন সহিংসতার ঘটনায় ঢাকায় করা ১১টি মামলায় পরের বছরেই অভিযোগপত্র দেয় পুলিশ।

এসব মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় তিনটি ও দারুসসালাম থানায় আটটি মামলা রয়েছে।

এসব মামলার মধ্যে আটটি ঢাকার বিশেষ আদালতে, তিনটি মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পর্যায়ে রয়েছে।

আপিল বিভাগ যে চারটি মামলার কার্যক্রম স্থগিত রেখেছে তার মধ্যে বিশেষ ক্ষমতা আইনের ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় দুটি ও ২৯ জানুয়ারি দারুসসালাম থানায় একটি মামলা হয়।

আর ওই বছরের ৩ মার্চ সহিংসতার মামলাটি হয় দারুসসালাম থানায়।

২০১৬ সালে মামলাগুলোর অভিযোগপত্র আমলে নেওয়া হলে এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাই কোর্টে আবেদন করেন খালেদা জিয়া।

আবেদনের শুনানি করে ওই বছরের ৬ মে থেকে ১৭ মে পর্যন্ত বিভিন্ন তারিখে হাই কোর্ট মামলাগুলোর কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে।

এ চার মামলায় অভিযোগ আমলে নেওয়ার আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে চাওয়া হয় রুলে। এ রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত  খালেদা জিয়া এসব মামলায় জামিনে থাকবেন বলে আদেশে বলে হাই কোর্ট।

হাই কোর্টর এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

চারটি আবেদনই রোববার আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চের কার্যতালিকায় আসে। শুনানির পর সর্বোচ্চ আদালত রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেয়।

এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতা ও সহিংসতার আরও চার মামলার কার্যক্রম গত ১৭ অগাস্ট স্থগিত রেখে রুল নিষ্পত্তির আদেশ দিয়েছিল আপিল বিভাগ।

পুরনো খবর:

খালেদার চার মামলা স্থগিতই থাকছে