থেমে থেমে বৃষ্টি আরও দুই-তিন দিন
মৌসুমী বায়ু সক্রিয় থাকার পাশাপাশি লঘুচাপের প্রভাবে বৃষ্টি ঝরছে দেশে, যা আরও দুই তিন দিন ধরে চলতে পারে।
এছাড়া ঝড়ো হাওয়ার কারণে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেতও বহাল রয়েছে।
এদিকে ভারি বর্ষণ ও জোয়ারের প্রভাবে দেশের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি নেমে যাওয়ার আভাস দিয়ে কয়েকদিনের মধ্যে তাও স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
ভাদ্রের শুরুতে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ চলছে। এরমধ্যে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ায় সমুদ্রবন্দরেও ছিল তিন নম্বর সতর্কতা।
শনিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ১০২ মিলিমিটার। এসময় ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, সুষ্পষ্ট লঘুচাপটি ভারতের মধ্যপ্রদেশে অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এজন্য মাঝারি থেকে ভারি বর্ষণ চলছে।
“এখন ভারি বর্ষণ কমে আসছে। থেমে থেমে এ ধরনের বৃষ্টি আরও দুই-তিন দিন অব্যাহত থাকবে। সমুদ্রবন্দরেও সতর্কতা থাকতে পারে এ সময়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”
তিনি জানান, ভাদ্র মাসের শুরুতে এমন বর্ষণ স্বাভাবিক এবং পরিস্থিতি বিবেচনায় সতর্ক সংকেতও বহাল রাখা হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, ভারি বর্ষণে বরিশাল, বরগুনা, ঝালকাঠি, বাগেরহাট ও ভোলা জেলার বিভিন্নস্থানে পানি বেড়ে এবং জোয়ারের সময় নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এসব এলাকায় আম্পানের সময়ের চেয়েও কোথাও কোথাও বেশি উচ্চতায় পানি বেড়েছিল।
তিনি বলেন, “ভারি বর্ষণ ২২ অগাস্ট শনিবার থেকে কমে আসার প্রবণতা রয়েছে। সেই সঙ্গে জোয়ারের পানির উচ্চতাও স্বাভাবিক নেমে আসবে। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে উপকূলীয় বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে পানি নেমে গিয়ে সৃষ্ট স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির উন্নতি ঘটবে।”
দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ মধ্য উপকূলীয় ও মধ্যাঞ্চলের নদ-নদীর পানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্র।
