কারিগরি পদে প্রশাসনের কর্মকর্তা: আদেশ বাতিলের দাবি
কারিগরি পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার প্রতিবাদ জানিয়ে শিগগিরই ওই আদেশ বাতিলের দাবি জানিয়েছে দুটি সংগঠন।
গভার্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এই দাবি জানায়।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৮ অগাস্ট এক আদেশে জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার চারজন কর্মকর্তাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদে প্রেষণে নিয়োগ দিয়ে তাদের চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে।
“এইসব পদে নন-টেকনিক্যাল কর্মকর্তারা পদায়িত হলে টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বাধাগ্রস্ত হতে পারে বলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি), বাংলাদেশ কম্পিউটার সোসাইটিসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তি ও সংগঠন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।”
বিবৃতিতে বলা হয়, অভিজ্ঞতা না থাকার পরও আইসিটি কর্মকর্তাদের বঞ্চিত করে ‘টেকনিক্যাল’ পদে সাধারণ ক্যাডারের ‘অনভিজ্ঞ’ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তরে কর্মরত অভিজ্ঞ আইসিটি কর্মকর্তাদের মধ্যে ‘ক্ষোভ ও হতাশার’ সৃষ্টি হয়েছে।
“অবিলম্বে এই আদেশ রহিত করে ওইসব পদে আইসিটি বিভাগের মাধ্যমে অভিজ্ঞ আইসিটি কর্মকর্তাদের পদায়নের জোর দাবি জানানো যাচ্ছে।”
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বিবৃতিতে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলীর মত উচ্চতর প্রকৌশলী পদে দায়িত্ব পালনের আগে এন্ট্রি পদে সহকারী প্রকৌশলী এবং পরবর্তীতে উপ-বিভাগীয় প্রকৌশলী পদে সর্বনিম্ম ১০ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হয়।
“এইসব পদে নন-টেকনিক্যাল কর্মকর্তারা পদায়িত হলে টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বাধাগ্রস্ত হতে পারে বলে বিসিএস মনে করছে।
“অবিলম্বে এই আদেশ রহিত করে কোর টেকনিক্যাল পদে অভিজ্ঞ কম্পিউটার প্রকৌশলীদের পদায়নের জন্য বাংলাদেশ কম্পিউটার সোসাইটি জোর দাবি জানাচ্ছে।”
