শরীরে থাকা স্প্লিন্টার ফিরিয়ে আনে সেই বিভীষিকা
ষোল বছর আগে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আহত অনেকে এখনও দেহে বয়ে বেড়াচ্ছেন স্প্লিন্টার, যার যন্ত্রণা এখনও মনে করিয়ে দেয় সেই দুঃসহ স্মৃতি।
২০০৪ সালের ২১ অগাস্ট বিকালে সন্ত্রাসবিরোধী শান্তি শোভাযাত্রার কর্মসূচি ছিল আওয়ামী লীগের। তার আগে রাস্তায় ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ করে চলছিল সমাবেশ। কথা ছিল, দলীয় সভাপতি শেখ হাসিনার বক্তব্যের পরপরই শান্তি মিছিল শুরু হবে।
কিন্তু গ্রেনেড হামলায় স্তব্ধ হয়ে যায় সেই কর্মসূচি। হামলায় প্রাণ হারান আওয়ামী লীগের তখনকার মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন, আহত হয়েছিলেন কয়েকশ মানুষ। সেদিন বেঁচে গেলেও স্থায়ীভাবে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নাসিমা ফেরদৌস এখনও শরীরে বয়ে বেড়াচ্ছেন গ্রেনেডের স্প্লিন্টার
তিনি বলেন, ওই দিনটির কথা মনে হলেই বিভীষিকাময় দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। মনে হয়, মৃত্যুর খুব কাছাকাছি থেকে বেঁচে এসেছেন।
“প্রিয় নেত্রী শেখ হাসিনা আপা যখন মঞ্চ থেকে নেমে আসবেন, ঠিক ওই সময় হঠাৎ করে বিকট শব্দ। তারপর চতুর্দিকে আওয়াজ, কী হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। দেখি আশপাশে সবাই শুয়ে আছে। কেউ একজন আমাকে তুলে ফুটপাতে রেখে আসতেছে বুঝতে পারছি। তারপর আর চেতনা ছিল না।”
নাসিমা ফেরদৌস এখন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি। এখনও তিনি শরীরে বয়ে বেড়াচ্ছেন গ্রেনেডের স্প্লিন্টার।
“ওই কয়েক সেকেন্ডের দৃশ্য চোখের সামনে ভেসে আসে এখনও, গা শিউরে ওঠে। এই অনুভূতিটা হয় যখনই শরীরের ভিতরে থেকে যাওয়া স্প্লিন্টারের ব্যথা অনুভব করি।”
তিনি জানান, গ্রেনেডের যেসব স্প্লিন্টার সেদিন তার শরীরে বিঁধেছিল, তার বেশিরভাগই বের করা যায়নি। প্রধানমন্ত্রী ব্যবস্থা করে দেওয়ায় দিল্লির অ্যাপলো হাসপাতালে গিয়ে তিনি উন্নত চিকিৎসা নিতে পেরেছেন। কিন্তু শরীরের ভেতরে থেকে যাওয়া স্প্লিন্টারগুলো এখনও চলাফেরার সময় যন্ত্রণা দেয়।
শরীর থেকে সব স্প্লিন্টার বের করা যায়নি, এখনও ব্যথায় ঘুম ভেঙে যায় নাজিম উদ্দিনের
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্প্লিন্টার সব তো বের করা যায়নি, সে কারণে ঝিরঝিরে একটা ব্যথা সব সময়ই থাকে। কিন্তু হঠাৎ হঠাৎ পায়ের ব্যথায় ঘুম ভেঙে যায় এখনও।”
ভারত ও বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন জানিয়ে নাজিম বলেন, “এখন সমস্যা অনেক কমেছে। কিন্তু চলাফেরা করলে ব্যথা ফিরে ফিরে আসে। মনে হয় আমার জীবনের সাথে গ্রেনেডের স্প্লিন্টার ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।”
ডাক্তার বলেছেন, রাশিদা আক্তার রুমার একটি পা কেটে ফেলতে হবে
“অসংখ্য মানুষ আমার উপর দিয়ে হুড়োহুড়ি করে দৌড়ে যাচ্ছিল। আমার গায়ে রক্ত ঝরছিল, প্রায় অচেতন হয়ে পড়েছিলাম। উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি, কিন্তু পারছিলাম না।”
এক পর্যায়ে সংজ্ঞা হারান রুমা। পরে নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বেডে। ১৬ বছর ধরে চিকিৎসা করেও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি।
“এখন ডান পা কিছুটা ভালো, কিন্তু বাঁ পায়ের ক্ষতটা পুরোপুরি শুকায় না। ডাক্তার এখন বলছে, ওই পা কেটে ফেলতে হবে, এছাড়া কোনো উপায় নাই। যত দিন যাচ্ছে, স্প্লিন্টারের ব্যথা মনে হয় বাড়ছে।”
একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া দলের আর কেউ এখন খোঁজ খবর নেয় না বলে আক্ষেপ করেন রুমা। তিনি বলেন, “আমি এখন দলের সব প্রোগ্রামে যেতে পারি না। ডান পা আর ডান হাত ক্ষতিগ্রস্ত। এখন সব জায়গাতেই ব্যথা পাই। থেরাপি নিয়ে বেঁচে আছি। এখন আমার কোনো পদ পদবী নেই।”
নেতাকর্মীদের সাথে সময় কাটিয়ে ব্যথা ভুলে থাকার চেষ্টা করেন সাংসদ ইকবাল হোসেন অপু
“শরীরে থেকে যাওয়া স্প্লিন্টারের কারণে কোনো শান্তি নেই, ব্যথার জন্য সারা বছরই চিকিৎসা নিতে হচ্ছে। সব সময় নেতাকর্মীদের সাথে সময় কাটিয়ে ব্যথা ভুলে থাকার চেষ্টা করি।”
ওই ঘটনা এখনও মনে গেঁথে রয়েছে জানিয়ে অপু বলেন, “১৬ বছরে এক মুহূর্তের জন্যও ভুলিনি। নেত্রী মঞ্চ থেকে নামবেন, হঠাৎ বিস্ফোরণের শব্দ। আমি পড়ে গেলাম। শরীরের কোথাও আঘাত পেয়েছি কি না বুঝতে পারিনি তখন। উঠে দাঁড়ানোর চেষ্টা করে পারছিলাম না। তবে বুঝতে পারছিলাম, এই বুঝি সবাইকে মেরে ফেলা হচ্ছে।
“২১ অগাস্টের কথা মনে পড়লেই মনে হয়, আল্লাহর অশেষ রহমতে আমাদের নেত্রী বেঁচে গেছেন। সাথে অমিও মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছি।”
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে চালানো ওই হামলার লক্ষ্য যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাই ছিলেন, তা পরে তদন্তে বেরিয়ে আসে।
হামলায় জড়িত থাকার দায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।
