২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিফাত হত্যায় জামিন হয়নি বন্ধু নেহালের

প্রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র হাবিবুর রহমান সিফাত (১৭) হত্যা মামলার আসামি মেহেদী হাসান নেহালকে জামিন দেয়নি হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2020, 06:38 PM

Updated : 18 Aug 2022, 03:38 PM

বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার তার জামিন আবেদনটি খারিজ করে দিয়েছে।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আইয়ুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

বশির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ১৬৪ ধারায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে। ফলে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করেছি।”

নিহত হাবিবুর রহমান সিফাত ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় দেয়। বেড়ানোর কথা বলে তার দুই বন্ধু তাওহিদুল ইসলাম তামিম ও মাহাদী হাসান নেহাল তাকে ওই বছরের ৪ এপ্রিল সদরঘাটে পারাবত-৩ লঞ্চে নিয়ে যায়। পানিতে ঘুমের ওষুধ খাইয়ে লঞ্চের মধ্যেই তাকে অচেতন করে শ্বাসরোধে হত্যা করে।

হত্যার লাশের পেট কেটে বস্তাভর্তি করে চাঁদপুর নদীর মোহনায় ফেলে দেয়। হত্যার পর নেহাল গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চলে যায়। আর তামিম মাওয়া হয়ে ঢাকায় ফিরে আসে।

ঢাকায় এসে সিফাতের মোবাইল ফোন থেকে তার মাকে কল করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তামিম। সিফাতের মা দুই দফায় তাকে ২২ হাজার টাকা দেন।

পরে পুলিশ তামিম ও নেহালকে গ্রেপ্তার করলেও তারা সিফাতকে হত্যার কথা স্বীকার ঘটনা পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেয়।

এ ঘটনায় ওই বছরের ১৪ এপ্রিল মোহাম্মদপুর থানায় মামলা হয়। মামলায় তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে গত বছর ২২ মে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলাটি অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে রয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।