২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশকে ইসলামী প্রজাতন্ত্র বানাতে চেয়েছিল বঙ্গবন্ধুর খুনিরা’

পঁচাত্তরের ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে পরিবারের কয়েকজন সদস্য হত্যার পর খুনি চক্র ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক ধারা বদলে বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ, গবেষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2020, 04:49 PM

Updated : 08 Apr 2022, 01:14 AM

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বুধবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে ‘৭৫ পরবর্তী বাংলাদেশ: বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন’ শীর্ষক এক ওয়েবিনারে বঙ্গবন্ধু হত্যায় জড়িত থাকার অভিযোগে জিয়াউর রহমানের মরণোত্তর শাস্তির জন্য একটি কমিশন গঠনের প্রস্তাবনাও এসেছে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গবেষক ও কলামনিস্ট সৈয়দ বদরুল আহসান, সাংবাদিক ও কলামনিস্ট সুভাষ সিংহ রায়, মেলবোর্নের আরএমআইটির অধ্যাপক শামস রহমান, লেখক ও গবেষক হাসান মোরশেদ।

সৈয়দ বদরুল আহসান বলেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে ঘুরিয়ে ইসলামী প্রজাতন্ত্রে বা একটা কমিউনাল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল খুনি চক্র। জিন্নাহর সেই দ্বি-জাতি তত্ত্বই বাস্তবায়ন করতে চেয়েছিল তারা।”

বঙ্গবন্ধুকে হত্যার পেছনে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, লিবিয়া সরকারের ভূমিকার কথাও উল্লেখ করেন বদরুল আহসান।

তিনি বলেন, “মার্কিন সরকার জানত, একটা পরিবর্তন হবে। কী পরিবর্তন….. একটা ভয়াবহ পরিবর্তন হবে। আমরা জানি, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যুদ্ধে অংশ নিয়েছেন। যারা ধরা পড়েছেন, পাকিস্তানের সামরিক আদালতে তাদের বিচার হয়েছে।

“কিন্তু মেজর ফারুক পাকিস্তান থেকে পালিয়ে কোথায় গেলেন? তিনি গেলেন লিবিয়া, যেখানে গাদ্দাফি বলছিলেন ইসলামিক প্রজাতন্ত্রের কথা। আমরা দেখি, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিদের লিবিয়া সরকার আশ্রয় দিয়েছিল। গাদ্দাফির গ্রিন বুক এ দেশে অনূদিত হয়। ১৯৭৪ সালে লাহোরে ওআইসি সম্মেলনে গাদ্দাফি বঙ্গবন্ধুকে বলেন, ‘তোমরা কেন ইসলামিক প্রজাতন্ত্র করছ না?’ বঙ্গবন্ধু সে প্রস্তাব তৎক্ষণাৎ নাকচ করে দেন।”

বঙ্গবন্ধুর শাসনামলে পাকিস্তানের সঙ্গে রাষ্ট্রদূত বিনিময় প্রক্রিয়া বন্ধ থাকলেও জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তা খুলে যায় জানিয়ে বদরুল আহসান বলেন, “১৯৭৬ সালে ভুট্টো ও জিয়াউর রহমান মিলে সিদ্ধান্ত নিলেন, রাষ্ট্রদূত একচেঞ্জ করা হোক। বাংলাদেশ থেকে পাঠানো হল এম জহিরউদ্দিনকে, তিনি সাবেক আওয়ামী লীগার হলেও একাত্তরে তার ভূমিকা বেশ প্রশ্নবিদ্ধ ছিল। পাকিস্তান থেকে বাংলাদেশে পাঠানো হল পাকিস্তান আওয়ামী লীগার মি. খুরশীদকে। ক্ষমতায় থাকতে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া সবাই পাকিস্তানে রাষ্ট্রীয় সফর করেছেন। সেখানে তারা একটি মিল খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন।”

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে জিয়াউর রহমানকে ‘ছায়ামানব’ হিসেবে দেখেন অধ্যাপক শামস রহমান।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর খুনিরা বারবার বলে গেছেন, তারা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিষয়ে আগে থেকে বারবার বলেছেন। কিন্তু জিয়াউর রহমানের সামরিক কর্মকর্তা হিসেবে উচিৎ ছিল, আমাদের সংবিধানকে সমুন্নত রাখা, একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র প্রতিহত করা। কিন্তু তিনি তা করলেন না।”

অধ্যাপক শামস বলেন, “আমরা যদি পঁচাত্তরের ঘটনাবলী ধারাবাহিকভাবে দেখি ও বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব, হি ওয়াজ আইডেন্টিফাইড এজ আ শ্যাডো ম্যান। তিনি ছায়ার মতো পেছন থেকে সব কলকাঠি নেড়ে গেছেন।

“বড় চিত্রের মধ্যে দিয়ে যদি আমরা দেখি, তাহলে এটা ভাবা অত্যন্ত বোকামি হবে যে, মাত্র কয়েকজন জুনিয়র অফিসার বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। পেছন থেকে কেউ কলকাঠি নেড়েছে। হয়তো বা সবার সঙ্গে তার সমন্বয়টা সমানভাবে ছিল না।”

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত থাকায় খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের জন্য একটি কমিশন গঠনের দাবিও জানান তিনি।

“যদি আমরা জিয়াউর রহমান ও মোশতাককে আইনের আওতায় এনে বিচার করতে না পারি, তাহলে আমরা প্রজন্মের কাছে দায়বদ্ধ থেকে যাব।”

এরশাদের শাসনামলে ১৯৮৭ সালে বঙ্গবন্ধুর খুনির দুই খুনি কর্নেল খন্দকার আবদুর রশিদ ও কর্নেল সৈয়দ ফারুক রহমান ফ্রিডম পার্টি গঠন করছিলেন। গবেষক হাসান মোরশেদের আলোচনায় উঠে আসে ফ্রিডম পার্টির প্রসঙ্গ।

তিনি বলেন, “ফ্রিডম পার্টির একটাই রাজনৈতিক মতাদর্শ ছিল- তারা দেশকে একটা ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত করতে চেয়েছিল। গাদ্দাফির ইসলামিক প্রজাতন্ত্রের পর আমরা ওই একইসময়ে পাকিস্তানের ভুট্টোকেও দেখতে পাই, ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে। তার ধারাবাহিকতায় এই খুনি চক্র ধর্মনিরপেক্ষ বাংলাদেশকেও ঘুরিয়ে দিতে চেয়েছিল।”

দেশের বুদ্ধিবৃত্তিক জগতেও ফ্রিডম পার্টি প্রচ্ছন্ন প্রভাব রাখতে শুরু করেছিল বলে জানান হাসান মোরশেদ।

“গাদ্দাফি দুই মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করেছিল বাংলাদেশে। তার পার্টির গ্রিন বুক বাংলাদেশের তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে অনুবাদ করতে দিয়েছিলেন তিনি। সেই অনুবাদ করতেন আহমদ ছফা ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদ।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্যে উঠে আসে, জিয়াউর রহমান কিভাবে বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত ও দেশান্তরী হওয়ার সুযোগ করে দিয়েছিলেন সেই প্রসঙ্গ।