সংসদ বসছে ৬ সেপ্টেম্বর
করোনাভাইরাস মহামারীর মধ্যে সীমিত পরিসরে বাজেট অধিবেশন চলার পর প্রায় দুই মাস বিরতি দিয়ে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন বসছে আগামী ৬ সেপ্টেম্বর।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার এ অধিবেশন আহ্বান করেছেন জানিয়ে সংসদ সচিবালয় বলেছে, ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় সংসদের বৈঠক বসবে।
মহামারীকালে সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন সংক্ষিপ্ত সময়ের জন্য চলতে পারে বলে সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
সংবিধানের বিধান অনুযায়ী, সংসদের দুটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই, সে কারণেই এ অধিবেশন ডাকতে হয়েছে।
এর আগে জাতীয় সংসদের অষ্টম এবং চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন গত ৯ জুলাই মাসে শেষ হয়।
মহামারীর কারণে মাত্র নয় কার্যদিবসের ওই অধিবেশন ছিল দেশের সংসদীয় গণতন্ত্রে ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত বাজেট অধিবেশন।
তার আগে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে গত ১৮ এপ্রিল বসা দেড় ঘণ্টার অধিবেশন ছিল বাংলাদেশের ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন।
