সংসদ অধিবেশন কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনের নির্দেশ
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
আগামী এক মাসের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে হাই কোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জাতীয় সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন চেয়ে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
সুবীর নন্দী দাস পরে সাংবাদিকদের বলেন, “সংবিধানের ৪ অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃত প্রদর্শন ও সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় সংসদে এতদিন সেই বাধ্যবাধকতা মানা হয়নি।
“ফলে সেই বাধ্যবাধকতা মানার নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেছিলাম। মাননীয় আদালত সে রিটের শুনানি নিয়ে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন।
এ আইনজীবী বলেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্টের আগে আমাদের জাতির জনকের প্রতিকৃতি জাতীয় সংসদে ছিল। ১৫ অগাস্টের পর সেটি সরিয়ে ফেলা হয়। এ সংক্রান্ত ঐতিহাসিক নানা দলিলপত্র আমরা আদালতে উপস্থাপন করেছি। দেখিয়েছি বিশ্বের বিভিন্ন দেশ যেমন, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, চীন, ভিয়েতনামের সংসদে জাতির জনকের প্রতিকৃতি বা ভাস্কর্য সংরক্ষণ প্রদর্শন করা হয়। এসব নজির উপস্থাপন করার পর আদালত বলেছেন, যেহেতু এটি সাংবিধানিক বিষয় তাই দ্রুত বাস্তবায়ন করা উচিৎ।”
এ আইনজীবীর করা আরেকটি রিট আবেদনে গত বছর বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ দেশের প্রতিটি আদালত কক্ষ বা এজলাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছিল।
এরপর সর্বোচ্চ আদালতসহ দেশের প্রতিটি আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন করা হয়।
