২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করে কারাগারে

বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে ঢাকার আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2020, 11:13 PM

Updated : 18 Aug 2022, 03:37 PM

গ্রেপ্তার এই ব্যক্তির নাম মোহর আলী (২৮)। সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার।

রামপুরা থানার এসআই রেজাউল করিম চৌধুরী আসামি মোহরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তিনি এই ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার নথিপত্র সূত্রে জানা যায়, মোহর আলীর বন্ধু পূর্ব হাজীপাড়ায় থাকেন। ১৫ আগস্ট রাত ১০টার দিকে দাম্পত্য কলহের পর স্বামী রাগ করে বাসা থেকে বেরিয়ে যান। তখন স্বামীর বন্ধু মোহর আলীকে ফোন করেন ওই গৃহবধূ।

ওই নারীর অভিযোগ, মোহর আলী তখন তাকে জানিয়েছিলেন যে তার স্বামী তার বাসায় রয়েছে। ওই খবর শুনে তিনি মোহর আলীর বাসায় গিয়ে স্বামীকে পাননি, উল্টো ধর্ষণের শিকার হন।

রোববার এই দম্পতি রামপুরা থানায় গিয়ে মামলা করলে পুলিশ মোহর আলীকে গ্রেপ্তার করে।

এদিকে ধর্ষণের শিকার ওই গৃহবধূকে রোববার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।