স্বাস্থ্যের ওএসডি ডা. আমিনুল পেলেন নতুন পদ
মহামারীকালে রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারির পর ওএসডি হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষের পদ দেওয়া হয়েছে।
গত ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের পর হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসানকে সরিয়ে দেওয়া হয়েছিল।
প্রায় এক মাস ওএসডি থাকা এই কর্মকর্তাকে পদায়ন করে রোববার প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য সেবা বিভাগ। প্রজ্ঞাপনটি সোমবার স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে উঠেছে।
প্রজ্ঞাপনে তিন কার্যদিবসের মধ্যে বদলি/পদায়নকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে আমিনুল হাসানকে।
ডা. আমিনুল হাসান
রিজেন্টের সঙ্গে জেকেজি কেলেঙ্কারি, মাস্ক ও পিপিই কেনায় অনিয়মসহ নানা অভিযোগের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ ছাড়েন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তার সঙ্গেই পরিচালকের পদে ছিলেন আমিনুল।
নতুন করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ও চিকিৎসার জন্য রাজধানীর উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতালের সঙ্গে গত ২১ মার্চ চুক্তি করে স্বাস্থ্য অধিদপ্তর।
ভুয়া প্রতিবেদন দেওয়া এবং প্রতারণার অভিযোগ পেয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। তখন জানা যায়, ওই হাসপাতালের লাইসেন্সের মেয়াদই ছিল না।
এসব অভিযোগে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ১৫ জুলাই গ্রেপ্তার হন রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ।
লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানটির সঙ্গে কীভাবে স্বাস্থ্য অধিদপ্তর চুক্তি করল এ প্রশ্নে ডা. আমিনুল হাসান গত ৮ জুলাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ‘বাধ্য হয়ে’ তা করেছিলেন তারা।
