বঙ্গবন্ধুর আদর্শে আ.লীগকে সংগঠিত করুন: স্পিকার
বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগকে সংগঠিত করতে তৃণমূলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে স্পিকার এ আহ্বান জানান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ওই অনুষ্ঠানে স্পিকার ভার্চুয়ালি যোগ দেন।
তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে গভীরভাবে ভালবাসতেন বলেই এ জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার সাহস, আপসহীনতা, দেশপ্রেম ও মানুষের জন্য ভালবাসা- এই গুণগুলোকে আমরা ধারণ ও বাস্তবায়ন করতে পারলেই বঙ্গবন্ধুর প্রতি পরিপূর্ণ সম্মান জানাতে পারব।”
স্পিকার বলেন, “আমরা আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক। যিনি দিয়ে গেছেন এই স্বাধীন-সার্বভৌম দেশ, লাল-সবুজ পতাকা, তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অদম্য সাহস নিয়ে তিনি জীবনের পরোয়া করেননি। কোনো পদ-পদবীর লোভ না করে তিনি গভীরভাবে ভালবেসেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে।
“জেল-জুলুম-নির্যাতন সহ্য করে তিনি আওয়ামী লীগকে সংগঠিত করেছেন, তবুও অন্যায়ের সাথে আপস করেননি। ১৯৮১ সালে দলের হাল ধরে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। এই দুঃসময় ও ত্যাগ-তিতিক্ষার কথা মনে রেখে আমাদের সকলকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করে যেতে হবে।”
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।
