২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনাকাঙ্ক্ষিত উপস্থিতি: হাই কোর্টে হঠাৎ বিচারপতির অভিযান

অনুমতি ও নিয়ম-শৃঙ্খলা না মেনে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের এফিডেভিট শাখায় অবস্থান করায় আইনজীবী সহকারী, হলফনামাকারী, তদবীরকারী ৪৩ জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2020, 05:39 PM

Updated : 08 Apr 2022, 01:13 AM

আদালতের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের মধ্যে রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাই কোর্ট বিভাগের এফিডেভিট শাখায় আকস্মিক অভিযানে যান আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁইয়া, হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান বিচারপতির সঙ্গে ছিলেন।

এসময় আইনজীবীদের সহকারী, হলফনামাকারী, তদবীরকারীসহ ৪৩ জনকে শাখার ভেতরে পেলে তাদের এক জায়গায় জড়ো করে জিজ্ঞাসাবাদ করা হয়।

হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারপতি ইমান আলী স্যার হঠাৎ করে অভিযান পরিচালনা করেন। আমরা গেলাম স্যারের সাথে। সেখানে গিয়ে আমরা বহিরাগতসহ ৪৩ জনকে পাই, যারা কোনো শৃঙ্খলা মেনে ঢোকেননি এবং তাদের সেখানে ঢোকার কোনো কারণও নেই। নিয়ম হচ্ছে যার কাজ তার নাম মেশিনে ডাকা হবে, তখন সে ঢুকবে।”

“যে কারণে তাদের (৪৩ জন) নাম লিখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। বাই দিস টাইম বারের নেতৃবৃন্দ আসেন। তারাও তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা আর ঢুকবে না, এই মর্মে অবগত করার পর বার নেতৃবৃন্দের উপস্থিতিতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দস কাজল বলেন, “সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয় মিলে সম্প্রতি যে বৈঠক হয়েছে, সেখানে আমরা সুপ্রিম কোর্টের ঘুষ-দুর্নীতি-অনিয়ম নিয়ে কথা বলেছি। সবাই জিরো টলারেন্স দেখিয়েছি।

“মামলার এফিডেভিট, ফাইলিং, আদেশনামাসহ বেশ কিছু পর্যায়ে প্রচুর লেনদেনের কারণে আইনজীবীরা যেমন তাদের ন্যায্যতা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি বিচারপ্রার্থীরাও নানা রকম বঞ্চনার শিকার হচ্ছেন।”

তিনি বলেন, “পাঁচ মাস পর কোর্ট খোলার কারণে এফিডেভিট শাখায় চাপ ছিল। আজকে মাননীয় বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বে হঠাৎ পরিদর্শনে গেলেন প্রশাসনসহ।

সেখানে আনঅথরাইজড ৪৩ জন ব্যক্তিকে পেয়েছেন, তার মধ্যে অনেকেই আইনজীবীদের সহকারী, হলফনামাকারী। এফিডেভিটের যে প্রক্রিয়া সে প্রক্রিয়ায় এইসব ব্যক্তিদের প্রয়োজনীয়তা সেখানে নেই। তা সত্ত্বেও তারা সেখানে ছিলেন, উনি তাদের আটক করে রেখেছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে যাই।

“আমরা বলেছি যে, তাদের বিরুদ্ধে কোনো অবৈধ-অনৈতিক লেনদেনের অভিযোগ নেই। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা আনঅথরাইজডলি সেখানে অবস্থান করছিল। তা সত্ত্বেও আমরা বলেছি আমরা সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কেন তারা শাখায় ঢুকেছিল তা আমরা খতিয়ে দেখব। এই কথার পরিপ্রেক্ষিতে মূলত আমাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”   

আইনজীবীর এক সহকারী নাম প্রকাশ না শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এফিডেভিট শাখার গেটের সামনে একজন গেটকিপার ও দুজন পুলিশ থাকে। তারাই আমাদের দুজন দুজন করে ভেতরে ঢুকতে দেয়।

“ডিপোনেন্টসহ (হলফনামাকারী) বেশ কয়েকজন আমরা ছিলাম। হঠাৎ বিচারপতি ইমান আলী স্যার আসেন। সাথে পুলিশও ছিল। পরে আমাদের একসাথে করে নামের তালিকা করেন। জিজ্ঞাসাবাদ করেন কেন ভেতরে ঢুকেছি। এফিডেভিট শাখার কক্ষের সামনে এক-দেড় ঘণ্টা আমাদের আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়।”

গত ৮ অগাস্ট আইনজীবী সমিতি, অ্যাটর্নি জেনারেলের সাথে এক বৈঠকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আশ্বাস দেন, সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আইনজীবীদের আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেছিলেন, ঢালাওভাবে নয়, সুনির্দিষ্ট অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

পুরনো খবর:

অনিয়মের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা: প্রধান বিচারপতি