হোটেল ওলিও: তিন বছর পরও বিচার শুরুর অপেক্ষা
তিন বছর আগে রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অবস্থান নিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচিতে জঙ্গি হামলার পরিকল্পনায় জড়িতদের বিচার আটকে আছে করোনাভাইরাসের মহামারীর কারণে।
ঢাকার হাকিম আদালত এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে তা বিচারের জন্য সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনালে পাঠিয়েছিল গত বছরের ডিসেম্বরে। কিন্তু এরপর অভিযোগ গঠনের শুনানি আর করা যায়নি।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে আগামী ১৬ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ রয়েছে।
এ ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর গোলাম ছারোয়ান খান (জাকির) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুব দ্রুতই এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ আসবে বলে আমরা আশা করছি।”
২০১৭ সালে ১৫ অগাস্ট ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলার মধ্যেই ৩০০ মিটার দূরে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযান চালান কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট সদস্যরা।
কয়েক ঘণ্টা ধরে ওই অভিযানের এক পর্যায়ে চারতলা হোটেল ওলিও ইন্টারন্যাশনাল থেকে বিকট বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়। বিস্ফোরণে হোটেলের চতুর্থ তলার রাস্তার দিকের অংশের দেয়াল ও গ্রিল ধসে নিচে পড়ে।
পুলিশের পক্ষ থেকে সে সময় বলা হয়, সাইফুল ইসলাম নামে নব্য জেএমবির এক সদস্য আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে সে ‘সুইসাইড ভেস্টে বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী’ হয়েছেন।
পরদিন কলাবাগান থানার সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা দায়ের করেন এসআই সৈয়দ ইমরুল সায়েদ।
আসামিদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে আলাদাভাবে অভিযোগপত্র দাখিল করা হয়। সব মিলিয়ে ওই ঘটনায় আসামির সংখ্যা দাঁড়ায় ১৪ জনে।
হোটেল ওলিওতে বিস্ফোরণে মারা যাওয়ায় ‘আত্মঘাতী জঙ্গি’ সাইফুলের নাম মামলার অভিযোগপত্র থেকে বাদ দেন তদন্ত কর্মকর্তা।
ঢাকার মুখ্য মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী ওই বছরের ৯ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য সন্ত্রাসবিরোধী আইনের মামলার নথিপত্র ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইবুনালে পাঠিয়ে দেন।
এ টাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাকির বলেন, “মামলার কাজ অনেকটায় এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু মহামারির কারণে আদালত সাধারণ ছুটিতে চলে যায়। কয়েক মাস বন্ধ থাকার পর এখন আবার আদালতের কার্যক্রম শুরু হয়েছে। মামলাটি চার্জ শুনানির পর্যায়ে আছে। চার্জগঠন হয়ে গেলে সাক্ষীদের আদালতে হাজির করে বিচার কাজ দ্রুত শেষ করার চেষ্টা করব।”
আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, অভিযোগ গঠনের শুনানি হলে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করবেন তারা।
সন্ত্রাসবিরোধী আইনের এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে ছয়জন জামিনে আছেন, বাকি সাতজন আছেন কারাগারে। তাদের মধ্যে দশজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
কারাগারে থাকা আসামিরা হলেন- আকরাম হোসেন খান নিলয় ওরফে স্লেড উইলসন, নাজমুল হাসান ওরফে মামুন, আবুল কাশেম ফকির ওরফে আবু মুসাব, আব্দুল্লাহ আইচান কবিরাজ ওরফে রফিক, তারেক মোহাম্মদ ওরফে আদনান, কামরুল ইসলাম শাকিল ওরফে হারিকেন ওরফে রোবট ওরফে তানজিম, লুলু সরদার ওরফে সহিদ ওরফে মিস্ত্রি।
ঢাকার পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। ছবি: আসিফ মাহমুদ অভি
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা প্রত্যেকেই নব্য জেএমবির সদস্য। ‘নিজেদের অবস্থানের জানান দিতে’ জাতীয় শোক দিবসে ধানমণ্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ওপর বোমা হামলা চালানোই ছিল জঙ্গিদের এ দলটির ‘উদ্দেশ্য’।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গতবছর ৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে যখন জঙ্গিরা কোনঠাসা, তখন আকরাম হোসেন খান নিলয় সংগঠনের দায়িত্ব নেন।
“শোক দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী হল নিলয়। তাদের প্রত্যেকের কাজ ভাগ করা ছিল। তাদের অর্থ যোগানদাতা ছিলেন তানভীর, তার স্ত্রী এবং নিলয়ের মা-বাবা ও বোন। বোমার সরঞ্জাম সরবরাহ করেন কাশেম, শহিদ মিস্ত্রী ও ছোটন।”
মনিরুল সেদিন বলেন, সরবরাহ করা ওই সরঞ্জাম দিয়ে বোমা বানিয়েছিলেন মামুন। বাকি চারজন ছিলেন তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সহায়তাকারী ও আশ্রয়দাতা।
অভিযোগপত্রে বলা হয়, আসামিদের মধ্যে আব্দুল্লাহ একজন ‘নও মুসলিম’। তার আগের নাম ছিল রনবীর কান্তি দাশ। একজন মুসলমান মেয়েকে বিয়ে করার পর তিনি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম নেন। পরে ‘ধর্মের অপব্যাখ্যায় আকৃষ্ট হয়ে’ জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন।
এ মামলার আসামি তারেক মোহাম্মদ আদনান, কামরুল ইসলাম শাকিল, নাজমুল হাসান মামুনসহ নব্য জেএমবি সদস্যদের তিনি তার কক্সবাজারের বাসায় ‘আশ্রয়-প্রশ্রয়’ দিতেন বলে অভিযোগ করা হয়েছ মামলায়।
