ঢাকার ভাষানটেকে অগ্নিকাণ্ড
ঢাকার ভাষানটেকে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির কাছে কিছু দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আকতার জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ৮টি ইউনিট সেখানে আগুন নেভাতে গেছে।”
তবে ভাষানটেক থানার ওসি সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বস্তিতে নয়, আগুন লেগেছে জামালটেকের ৩ নম্বর গেইট এলাকায়।
তিনি ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিআরপি হাসপাতালের কাছে জামালটেকের ৩ নম্বর গেইট এলাকায় রাস্তার পাশের কয়েকটি হোটেলসহ দোকানে আগুন লাগে। তা ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।”
আগুন কীভাবে লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির চিত্র সম্পর্কেও কোনো ধারণা পাওয়া যায়নি।
