২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যান্ড স্যানিটাইজারের মোড়কে সতর্কীকরণ নির্দেশনা যুক্তের নির্দেশ

করোনাভাইরাস মহামারীর মধ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকা হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব, জীবাণুনাশক স্প্রেসহ এ জাতীয় পণ্যের মোড়কে সতর্কীকরণ নির্দেশনা যুক্ত করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2020, 07:32 PM

Updated : 18 Aug 2022, 03:33 PM

আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব, জীবাণুনাশক স্প্রে বা এ জাতীয় পণ্য আইসোপ্রোপাইল-অ্যালকোহল, ইথানল অ্যালকোহল, ক্লোরক্সাইলেনলসহ ইত্যাদি রাসায়নিক দাহ্য উপাদান দিয়ে তৈরি।

এ ধরনের পণ্যের বোতল বা মোড়কে ‘সতর্কীকরণ’ নির্দেশনা যুক্ত করতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষ থেকে জনস্বার্থে রিট আবেদন করেন আইনজীবী মো. মাহফুজুর রহমান মিলন।

সে রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিকুল হাকিমের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

রিটকারী আইনজীবী নিজেই আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়েম মোহাম্মদ মুরাদ।

সম্প্রতি ঢাকার হাতিরপুলে হ্যান্ড স্যানিটাইজার থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন রাজিব ভট্টাচার্য নামের এক চিকিৎসক। তার স্ত্রীও ওই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন।

বাঁচলেন না অগ্নিদগ্ধ চিকিৎসক রাজীব

হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে আগুন থেকে সাবধান

মাহফুজুর রহমান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অগ্নিদগ্ধ হওয়ার সাতদিন পর গতকাল রাজিব ভট্টাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক অগ্নিদগ্ধ হয়ে মরা গেছেন।

“সংবাদ মাধ্যমে এসেছে হ্যান্ড স্যানিটাইজার তার অগ্নিদগ্ধ হওয়ার বড় কারণ। তার স্ত্রীও দগ্ধ হয়েছেন। অথচ এসব হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব বা জীবাণুনাশক স্প্রে দাহ্য উপাদান তৈরি করা হলেও এগুলোর কোনোটার গায়ে কোনো সতর্কীকরণ নির্দেশনা নাই। বলা নাই যে, এটা দাহ্য বস্তু আগুন থেকে দূরে রাখুন।”

তিনি আরও বলেন, “করোনাভাইরাসের কারণে হ্যান্ড স্যানিটাইজার, স্প্রের ব্যবহার অনেক গুণ বেড়েছে। তাই সতর্কীকরণ দিয়ে ব্যবহারকরীকে সচেতন না করলে এই দুর্ঘটনা আরও বাড়তে পারে। যে কারও বেলায় দুর্ঘটনা ঘটতে পারে। যে কারণে জনস্বার্থে রিট আবেদনটি করা হয়েছে।

আদালত আদেশ দিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে যত হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব, জীবানুনাশক স্প্রে আছে সেগুলোতে সতর্কীকরণ যুক্ত করতে।”    

রিট আবেদনে বলা হয়, দাহ্য উপদান দিয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রব,জীবাণুনাশক স্প্রে বাজারজাত বা বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের ‘সতর্কীকরণ’ বা ‘সতর্কতা নির্দেশনা’ দেওয়া হচ্ছে না।

অথচ ওষুধ আইন ১৯৪০ এর বিধি ৩৩ ও ওষুধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর বিধি ২৫ অনুযায়ী এ জাতীয় পণ্যের গায়ে ‘সতর্কীকরণ’ বা ‘সতর্কতা নির্দেশনা’ দেওয়ার বিধান রয়েছে।

ফলে ‘সতর্কীকরণ’ বা ‘সতর্কতা নির্দেশনা’ না দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ওষুধ আইন ১৯৪০ ও ওষুধ (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর বিধির সুষ্পষ্ট লঙ্ঘন।